সিরিজ জয়ের আনন্দে উধাও ক্রিকেট দলের ক্লান্তি
কোনো টেস্ট খেলুড়ে দেশ থেকে প্রথম সিরিজ জিতে দেশে ফিরেছে দল। ট্রফি হাতে অধিনায়ককে ফ্রেমে ধরাই তো আলোকচিত্রীদের কাছে পরম আকাঙ্খিত। কিন্তু সোমবার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের অ্যারাইভাল লাউঞ্জ থেকে জিম্বাবুয়ের ফেরত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার নেমে এলেন খালি হাতে। খোঁজ পড়ল ‘ট্রফি কই, ট্রফি কই?’ জানা গেল সেটি ম্যানেজার আলী আসিফ খানের লাগেজে। আলোকচিত্রীদের অনুরোধে অগত্যা ম্যানেজার সেটা বের করার পর বোঝা গেল ট্রফির লাগেজে ঢোকার রহস্য। ট্রফি নয়, ওটা আসলে সিরিজের স্পনসর ক্রোকো মটরসের লোগোখচিত স্টেইনলেস স্টিলের থালাসদৃশ একটা বস্তু! “সিরিজ জয়ের পুরস্কার বুঝি এই থালা!” Ñকেউ একজন খুঁনসুটি করতেই হাবিবুলও ছাড়লেন না,“আরে জিম্বাবুয়েতে এটা পাওয়াই অনেক বেশি।” পাশে দাঁড়ানো স্ত্রীকে দেখিয়ে বললেন,“ওর সঙ্গে ফোনে কথাই বলতে পারলাম না। খূব খারাপ অবস্থা।”
তবে এবারের জিম্বাবুয়ে সফর ক্রিকেটারদের পরিবার বিচ্ছিন্ন হয়ে থাকার বিরহ কাতরতা বাড়ায়নি শুধু। নিয়েছে তাদের ক্রিকেটীয় সামর্থ্যরে পরীক্ষাও। দেশে বসে বাংলাদেশের কেউ এই সিরিজ দেখতে পারেননি। দলের সঙ্গে যাওয়া নির্বাচক গোলাম নওশের প্রিন্সের কথায় খানিকটা আভাস পাওয়া যাবে কেমন ছিল এই সিরিজ,“হাই ব্লাড প্রেশারের কারণে আমি সিগারেট ছেড়েই দিয়েছিলাম। কিন্তু সিরিজের কয়েকটা ম্যাচের টেনশনে আবার ধরে ফেলেছি।”
তবে টেনশনের এই সিরিজ থেকে যা পেলেন, তা মুছে দিচ্ছে হাবিবুলদের ৩৬ ঘন্টা বিমান ভ্রমণের ক্লান্তিকেও। সোমবার সকাল সাড়ে নয়টায় তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু রোববার রানওয়েতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানের চাকা ফেটে যাওয়ার সূত্রে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সৃষ্ট অচলাবস্থার শিকার হয়েছেন তারাও। তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকায় নামে চার ঘন্টা দেরিতে, দুপুর দেড়টায়। চোখ-মুখ দেখেই বোঝা যাওয়া ক্লান্তির কথা তুলতেই হাবিবুল বললেন,“আর বলবেন না, যাওয়ার সময়ও ৩৭ ঘন্টার মতো লেগেছে। ফেরার সময়ও শেষপর্যন্ত তেমনই লাগলো।” কিন্তু সিরিজ প্রসঙ্গ উঠতেই সেসব হাওয়া। এবার পরীক্ষা দিয়েই সিরিজ জয়ের তৃপ্তি,“আমি খুশি। সব ম্যাচ জিতলে ভালো হত অবশ্যই। কিন্তু পরীক্ষাটা হত না। বিরুদ্ধ কন্ডিশনেও ব্যাকফুটে থেকে সামনে এগিয়ে এসে জিতেছি।”
৮ উইকেট নিয়ে ম্যান অফ দি সিরিজ মাশরাফি বলছেন দ্বিতীয় ম্যাচের হারে আখেরে বাংলাদেশেরই লাভ হয়েছে,“হারার পর আরো দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছিলাম আমরা। যে করেই হোক সিরিজটা জিতে ফিরতে হবে।” শেষ দুটি ম্যাচে টান টান উত্তেজনার পর জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজটা জিতেছে ৩-১ ম্যাচে। শেষ ম্যাচে পাওয়া ১ উইকেটের জয় ওই ম্যাচে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি না পাওয়ার বঞ্চনাও ভুলিয়ে দিচ্ছে আফতাবকে। যদিও মাশরাফি জানাচ্ছেন,“সেঞ্চুরিটা হয়েই তো যেত। ও তো আসলে আউট ছিল না। পুল খেলতে গিয়েছিল। ব্যাটে-বলে না হলেও হাঁটুর ওপরে লেগেছিল।” ৯২ রানের ওই ইনিংসের কল্যাণে আলোকচিত্রীদের হিট লিস্টে ছিলেন আফতাবও। কিন্তু অ্যারাইভাল লাউঞ্জে ফোনে অবিরত কথা বলে চলা আফতাবের দৃষ্টি আকর্ষণ করলেন শাহরিয়ার নাফীস হাঁক ছেড়ে,“আফতাব, জাতি তোর জন্য অপেক্ষা করছে।”
হাবিবুলরা জানেন, বিশ্বকাপের সাফল্যের জন্যই আরো বেশি অপেক্ষা করে থাকবে জাতি। মঙ্গলবার ঘোষিত হতে যাওয়া বিশ্বকাপ দলে তাই পারফরম্যান্সেরই অগ্রাধিকার চাইছেন অধিনায়ক,“অভিজ্ঞতা দরকার আছে। তবে পারফরম্যান্সটাই সবার আগে। যদি কেউ অভিজ্ঞ হয় কিন্তু পারফরম্যান্স নেই, তাহলে তো আর হচ্ছে না।” কারণ বিশ্বকাপের লক্ষ্য পূরণে ওটারই সবচেয়ে বেশি দরকার,“আমি আগেও বলেছি। আমরা দ্বিতীয় রাউন্ডে খেলতে চাই। এমন কোনো লক্ষ্য না থাকলে আসলে বিশ্বকাপে যাওয়ারই মানে হয় না।”
ওই লক্ষ্যে পৌঁছে ফিরতে পারলে আলোকচিত্রীদের ট্রফি না হলেও চলবে!
