ভারতের বিশ্বকাপ দলে আছেন শেবাগ ও পাঠান
ভারতের বিশ্বকাপ দলে আছেন বীরেন্দর শেবাগ এবং ইরফান পাঠান। শেবাগ এবং পাঠানের মতো অপরিহার্য খেলোয়াড়রা দলে থাকবেন, এটা তো আসলে কোনো খবরই হওয়ার কথা নয়, কিন্তু আসলে বড় খবর! কারণ ক্রিকেটামোদী মাত্রই জানেন গত কয়েক মাসে তাদের পারফরম্যান্সে এমন ভাটার টান যে ওরা বিশ্বকাপ দলে থাকেন কিনা তাই নিয়ে দেখা দিয়েছিল জোর সন্দেহ।
সন্দেহ দূর হলো যখন বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে দেখা গেলো তারা দুজনই আছেন। সৌরভ গাঙ্গুলীও আছেন, সেটা এখন আর কোনো চমক নয়, কারণ ফিরে এসে গত কয়েক ম্যাচে যে পারফরম্যান্স তিনি দেখিয়েছেন তাতে তাকে দল থেকে বাদ দেয়ার প্রশ্নই আসে না। তবে অধিনায়ক অবশ্যই তিনি নন, সেটা রাহুল দ্রাবিড়। তার ডেপুটি আরেক সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। উল্লেখ করার মতো আরেকটা তথ্য অভিজ্ঞ লেগ স্পিনার অনীল কুম্বলেকেও রাখা হয়েছে দলে।
প্রথম সিরিজ থেকেই শেবাগ ভারতের ব্যাটিং নির্ভরতার প্রতীক। কিন্তু গত কয়েক মাস ধরে তার ফর্মটা একদমই ভালো যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজে তো দলেই ছিলেন না তিনি। শ্রী লংকার বিপক্ষে ফিরলেও ব্যাটে রানের দেখা নেই এখনও। আর তাতেই সন্দেহ জেগেছিল বিশ্বকাপটা আবার মিস করবেন না তো! শেষ পর্যন্ত বর্তমানের সঙ্গে সঙ্গে অতীতের কথাও মনে রেখেছেন নির্বাচকরা। তাই দলে আছেন ‘বীরু’। ঠিক একই যুক্তিতে সুযোগ পেয়েছেন ইরফান পাঠান। ২০০৪ এ পাকিস্তানের সঙ্গে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের নায়কের বলও এখন প্রায় ধারহীন। কিন্তু ঐ যে সোনালী অতীত! নির্বাচকদের দল বাছার সময় মনে ছিল সেটা।
‘‘বিশ্বকাপে আমরা কেমন করব সেটা নির্ভর করছে দলের গুরুত্বপূর্ণ ৬-৭ জন খেলোয়াড়ের পারফরম্যান্সের ওপর। তারা যদি তাদের খেলাটা ঠিকমতো খেলতে পারে এবং বাকিরা তাদের ঠিকঠাক সহযোগিতা করতে পারে তাহলে আমাদের বিশ্বকাপটা হবে দারুণ।’’দল ঘোষণার পর অধিনায়ক রাহুল দ্রাবিড় তার আশাটা এভাবে ব্যখ্যা করার পর যোগ করেছেন,‘‘আমাদের অনেকের জন্যই বিশ্বকাপ জেতার এটাই শেষ সুযোগ।’’
প্রসঙ্গত, ভারত বিশ্বকাপ জিতেছিল একবারই। ১৯৮৩ সালের সাফল্যের পর গতবারও ফাইনালে উঠেছিল তারা। কিন্তু সেখানে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে।
