২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন!

সময়ের ফোঁড় কিভাবে অসময়ের শত প্রয়াসের মূল্য কমায় তার উজ্জ্বল দৃষ্টান্ত এখন ইংল্যান্ড। যে দল ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে লজ্জাজনক বিদায় নিশ্চিত জেনে দেশে ফেরার টিকিট কাটাটাই শুধু বাকি রেখেছিল, সেই ইংল্যান্ড জিতে নিয়েছে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজ! রোববার বৃষ্টিবিঘিœত দ্বিতীয় ফাইনালে ডাকওয়ার্থ লুইসের বাতলানো নিয়মে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা ৩৪ রানে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 11:13 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

তার মানে বেস্ট অব থ্রির ফাইনালের তৃতীয়টির প্রয়োজন শেষ। স্বাভাবিক অবস্থায় এমন ফলাফল শুনে যে কেউ ভাববেন বিজয়ী দলের নাম অস্ট্রেলিয়া। কিন্তু আসলে তা নয়। এটা অ্যান্ড্রু ফ্লিনটফদেরও বিশ্বাস করতে কয়েকদিন ভীষণ কষ্ট হবে। টানা দ্বিতীয় ফ্ইানালে অস্ট্রেলিয়াকে হারিয়ে এত বড় অঘটনেরই জন্মদাতা এখন ইংল্যান্ড।

এমন যে হতে পারে তার সামান্য ইঙ্গিত অবশ্য ইংল্যান্ড দলে দেখা যাচ্ছিল। দেয়ালে পিঠ ঠেকা অবস্থায় প্রথমে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা দলটি আরো দুটো দিনকে কেন নিজেদের করে নিতে পারবে না --- এমন প্রশ্ন জাগলেও প্রথম ফাইনালের আগে প্রশ্রয় পায়নি,কারণ, প্রতিপক্ষ তাদের অস্ট্রেলিয়া। রিকি পন্টিংয়ের দল ফাইনালে সামান্যতম সুযোগ দেবে এটা আশা করাও ছিল বোকামী।

তা সুযোগ ইংল্যান্ডকে কেউ  দেয়নি। বরং পল কলিংউডের ব্যাট আবার হ্যাটট্রিক করার মঞ্চ তৈরি করায় নাটকের সমাপ্তিতেও হ্যাটট্রিক জয় এসেছে ইংল্যান্ডের।  শেষ দুটো ম্যাচের সেঞ্চুরিয়ান ও সেরা পারফর্মারের পুরস্কার পাওয়া কলিংউডের ৭০ রানের সুবাদেই বৃষ্টির বাঁধা আর গ্লেন ম্যাকগ্রা (২/৪১), ব্র্যাকেনদের (২/৩৮) ভালো বোলিং সত্ত্বেও ৮ উইকেটে ২৪৬ রান করেছিল ইংল্যান্ড। পাশাপাশি ম্যাল লোয়ি (৪৫) আর অধিনায়ক ফ্লিনটফও (৪২) রেখেছিলেন বলার মতো অবদান।

কিন্তু অস্ট্রেলিয়ার মতো দলের কাছে ২৪৭ রান আর এমন কী! বরাবরের পারফরম্যান্স এমন ভাবালেও রোববার ইংলিশদের দারুণ বোলিং --- ফিল্ডিংয়ের কারণে রিকি পন্টিংয়েরা সহজ জয়ের লক্ষ্যকেও কাছে টানতে পারেননি। তবে এটাও ঠিক, লিয়াম প্লাঙ্কেট (৩/৪৩), কলিংউডদের (২/২৬) বোলিংয়ের পাশাপাশি বৃষ্টিও অস্ট্রেলিয়ানদের ভুগিয়েছে। তাই ২৫ রানে প্রথম উইকেট,তারপর ৩৩, ৩৯, ৪০ ও ৬৩ রানে এক এক করে ৫ উইকেট হারিয়ে বসলেও দেখে -- শুনে খেলার সুযোগ পাননি ব্যাটসম্যানরা। অথচ তখন মাত্র ১২ ওভার শেষ, ৩৮ ওভার বাকি। দু দফার বৃষ্টিতে দুবার ওভার কমিয়ে নতুন লক্ষ্য ঠিক করে দিলেও অস্ট্রেলিয়া পেরে ওঠেনি। ২৭ ওভারে  ৮ উইকেট হারিয়ে  মাত্র ১৫২ রান করতে পেরেছে তারা।

অথচ জিততে হলে ওই সময়ে তাদের করতে হতো ১৮৭ রান। তাই ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডকে ৩৪ রানে জয়ী ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ার পক্ষে বলার মতো স্কোর এসেছে শুধু ব্র্যাড হজ (৪৯) আর শেন ওয়াটসনের (৩৭) ব্যাট থেকে। অলরাউন্ড পারফর্ম্যান্সের জন্য ম্যাচ সেরার হওয়ার হ্যাটট্রিক পূর্ণ করেছেন পল কলিংউড। তবে সিরিজ সেরা হওয়া হয়নি তার। সেই স্বীকৃতি পেয়েছেন রিকি পন্টিং।

এত করেও পন্টিংয়ের কাছে হার মানতে হলো বলে কলিংউড যে মন খারাপ করবেন না তা বলেই দেয়া যায়। ১৪ বছর পর অস্ট্রেলিয়ার বুকে আবার ওয়ানডে ফাইনালে হারলো অস্ট্রেলিয়া। ৯২ -- ৯৩ মৌসুমের ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড। এমন অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রাখার চেয়ে কলিংউডের কাছে আর কিছুই তো বড় মনে হওয়ার কথা নয়!

পৎরপরহভড় ---এর সহায়তায়