পাকিস্তানকে ১০ উইকেটের লজ্জা দিলো দক্ষিণ আফ্রিকা
মাত্র ৪ দিন আগে যারা ৩৫১ রানের পাহাড়ে উঠেছিল তারাই কি না ১০৭ রানে অলআউট! বিশ্ব ক্রিকেটে তারাই যে সবচেয়ে অননুমেয় (আনপ্রেডিক্টেবল) দল তা আরেক বার প্রমাণ করলো পাকিস্তান। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে মাত্র ১০৭ রানে গুটিয়ে গিয়ে ১০ উইকেটের পরাজয়ের লজ্জায় ডুবেছে তারা।
পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে দক্ষিণ আফ্রিকাকে মামুলি এই লক্ষ্যে মাত্র ১৪ ওভারেই পৌঁছে দিয়েছেন দু ওপেনার গ্রায়েম স্মিথ ও এবি ডিভিলিয়ার্স। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ২—১ --- এ।
আকাশ মেঘাচ্ছন্ন, উইকেটও সবুজাভ। পেসারদের জন্য একেবারে আদর্শ কন্ডিশনে সিরিজে প্রথম বারের মতো টসে সিদ্ধান্ত নিতে একটুও ভাবতে হয়নি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথকে। প্রতিপক্ষ অধিনায়ক ইনজামাম-উল হককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোর পর নতুন বলে শন পোলক ও মাখায়া এনটিনির সুনিয়ন্ত্রিত লাইন-লেংথ শুরু থেকেই অস্বস্তিতে ফেলে পাকিস্তানের ব্যাটসম্যানদের।
নিজের এবং ইনিংসেরও চতুর্থ বলে ইমরান নাজিরকে মার্ক বাউচারের গ্লাভসবন্দী করে প্রতিপক্ষকে প্রথম ধাক্কাটা দেন পোলক। সেই শুরু। এর পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হয়েছে ইনজামামের দলকে। নিজের প্রথম ৮ ওভারে পোলক মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪১। শোয়েব মালিককে নিয়ে ইনজামাম ৪৬ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তা আর হযনি। এক প্রান্তে দাঁড়িয়ে ইনজামামকে দেখতে হয়েছে সতীর্থদের আসা--যাওয়া! শেষ পর্যন্ত অধিনায়ক ৪৫ রানে অপরাজিত থাকলেও ৪৫ দশমিক ৪ ওভারেই অলআউট হয়ে যায় পাকিস্তান। দুই উইকেট পাওয়া পোলকের বোলিং ফিগারটা ছিল দেখার মতো (১০--৪--১৩--২)। অ্যান্ড্রু হল ও জাস্টিন কেম্পও পেয়েছেন দুটি করে উইকেট। ম্যাচে ৬টি ক্যাচ ধরে একটা রেকর্ডও গড়েছেন উইকেট কিপার মার্ক বাউচার। ওয়ানডেতে এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে আর কেউ ৬টি ডিসমিসাল পাননি। অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালেক স্টুয়ার্ট ও রিডলি জ্যাকবসেরই শুধু এই কৃতিত্ব ছিল এতদিন।
১০৮ রানের লক্ষ্যের দিকে শুরু থেকেই রীতিমতো ঝড়ের গতিতে এগিয়েছেন স্মিথ ও ডিভিলিয়ার্স। ৬টি চার ও দুই ছক্কায় ৪৪ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন স্বাগতিকদের অধিনায়ক। তার সঙ্গী অপরাজিত ৫০ রানের ইনিংসটা সাজিয়েছেন ৭টি বাউন্ডারি ও একটি ছক্কায়, মাত্র ৪০ বলে।
জোহানেসবার্গে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হবে বুধবার।
