ক্রীড়া পরিষদের ‘জঞ্জাল’ পরিস্কার করার কাজ শুরু
জাতীয় ক্রীড়া পরিষদ সংশ্লিষ্ট নয় এমন কিংবা রাজনৈতিক বিবেচনায় পরিষদের মনোনীত হয়ে ফেডারেশনে ঢোকা ব্যক্তিদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিতর্কের শুরু খোন্দকার জামিলকে দিয়েই। যিনি জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছিলেন আর সেই সুবাদে পেয়েছিলেন ভোটাধিকার। কিন্তু বিসিবির নির্বানে হেরে যাওয়ার পরও জামিলকে বিসিবির কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছিল পরিষদের প্রতিনিধি হিসেবেই। বিসিবি থেকে তার পদত্যাগের একটা অনুলিপি রোববার হাতে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এরকম প্রতিনিধিদের একটা তালিকা করেছে পরিষদ। ১১ টি ফেডারেশনের এরকম ১৪ জনকে চিহ্নিত করে তাদের প্রত্যাহার করার কথা ভাবছে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ সূত্র। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হননি ক্রীড়া পরিষদের নতুন সচিব আমিনুল ইসলাম খান।
পরিষদের প্রতিনিধি হয়ে বিভিন্ন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আছেন মোট ৩৬ জন। তাদের মধ্যে ১৪ জনকে প্রত্যাহার করে নিলে বাকি থাকে আরো ২২ জন। এদের প্রত্যাহার না করার পেছনে যুক্তি হচ্ছে তাদের বেশিরভাগই জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক কিংবা চাকুরে। এই ২২ জনের সঙ্গে যারা জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন তারাও টিকে যাচ্ছেন।
যেমন হকি ফেডারেশনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হয়ে কার্যনির্বাহী কমিটিতে জায়গা করে নেওয়া সাব্বির ইউসুফ বাদ পড়াদের তালিকায় থাকলেও পরিষদের প্রশিক্ষক হিসেবে জামাল হায়দার টিকে যাচ্ছেন। ব্যাডমিন্টনের মনসুর আহমেদ পেনু, অ্যাথালেটিকস ফেডারেশনের শামীমা সাত্তার মিমু, ক্রিকেটের ডা. ফিরোজ মাহমুদ ইকবালও আছেন বাদ পড়াদের তালিকায়।
শেষের জন দলীয় কিংবা রাজনৈতিক মনোনয়নের বড় উদাহরণ। ডা. ফিরোজ মাহমুদ গত বিএনপি সরকারের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট কর্মকর্তা’ হিসেবে কর্মরত ছিলেন। সেই লোকই বিসিবির কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছিলেন পরিষদ কোটায় !
এসব জঞ্জাল পরিস্কার করার কঠিন ব্রত নিয়েই কাজ করে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তা করতে গিয়ে কোনো সম্মানিত ব্যক্তি যেন হেনস্থা ন হন সে ব্যাপারেও খেয়াল রাখছেন তারা। তাই সাব্বির ইউসুফের মতো সাবেক হকি খেলোয়াড়কে বাদ পড়ার আগেই সসম্মানে পদত্যাগের ইঙ্গিত দেওয়া হয়েছে।
