পাকিস্তান ১০৭ রানে অল আউট!
সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে রীতিমতো লজ্জায় ফেলেছে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে গ্রায়েম স্মিথ ব্যাট করতে বলেছিলেন পাকিস্তানকে। ৪৫.৪ ওভারে মাত্র ১০৭ রানে অল আউট হয়ে গেছে পাকিস্তান!
প্রথম ওভারের চতুর্থ বলেই শুরু হয়েছিল পাকিস্তানের বিপর্যয়। ইমরান নাজিরকে (০) শন পোলক উইকেটের পেছনে মার্ক বাউচারের ক্যাচ বানানোর সময় স্কোর কার্ডে রানের ঘরে লেখা ছিল ০। সেই যে শুরু হলো ব্যাটসম্যানদের মিছিল, তা আর থামেনি। কামরান আকমল (৩), ইউনিস খান (৮), মোহাম্মদ ইউসুফ (২১), শোয়েব মালিক (১৯), আব্দুর রাজ্জাক (১), আজহার মেহমুদ (১), রানা নাভিদ (৩), আব্দুর রেহমান (০) ও মোহাম্মদ আসিফ (০) ---- সবাই মিলে করেছেন ৫৬ রান! অধিনায়ক ইনজামাম ৪৫ রানের হার না মানা ইনিংস না খেললে পাকিস্তান যে আরো বড় লজ্জায় ডুবতো তাতে কোনো সন্দেহ নেই। দুটি করে উইকেট নিয়েছেন কেম্প (২/৯), পোলক (২/১৩) আর হল (২/২৯)।
