২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রী লংকার চেয়ে ইনজুরি আর বৃষ্টিকেই ভারতের বেশি ভয়

বিশ্বকাপের দল ঘোষণা করার সর্বশেষ তারিখ ১৩ ফেব্র“য়ারি। তার ঠিক আগে বেশ অস্বস্তিতে ভারত। যুবরাজ সিং, ইরফান পাঠান আর অজিত আগারকারের ইনজুরি সমস্যা যেন কাটতেই চাইছে না। এর সঙ্গে যোগ হয়েছে কলকাতার প্রথম ওয়ানডের বৃষ্টিতে ভেসে যাওয়ার দুঃখ। রোববার রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে বেশ উৎকণ্ঠার মধ্যেও কাটাতে হচ্ছে ভারতীয় দলকে। উৎকণ্ঠার কারণ এই ম্যাচের ওপরেও ছায়া ফেলেছে বৃষ্টির আশঙ্কা। বছরের এই সময়টায় রাজকোটে সাধারণত বৃষ্টি হয় না। কিন্তু ভারতের গুজরাট প্রদেশের এই ছোট্ট শহরটির আশে--পাশের অঞ্চলে শনিবার বৃষ্টি হওয়ায় ইডেনের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকছেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 08:42 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

শুধু ইনজুরিজনিত অস্বস্তি নয়, রাহুল দ্রাবিড়ের দল  এখন অন্য ধরনের এক চাপের সামনেও দাঁড়িয়ে। বিশ্বকাপের দল ঘোষণার আগে এটাই ভারতের শেষ ম্যাচ। এই তথ্যটা স্বাগতিকদের ওপর বাড়তি একটা চাপ ফেলতেও তো পারে! অধিনায়ক দ্রাবিড় অবশ্য সেই কথা মানতে রাজি নন। এটাকে অন্য আর দশটা ম্যাচের মতো ধরে নিয়ে এ সম্পর্কে তার ব্যাখ্যা,“বহু দিন ধরে খেলছে এমন ক্রিকেটারদের একটা--দুটো ম্যাচ বা ইনিংস দিয়ে বিচার করাটা ঠিক হবে না। আমাদের শুধু দেখতে হবে কোন্টা আমাদের সেরা কম্বিনেশন।” বরং পাঠানের কাঁধ ও যুবরাজের পিঠের ইনজুরি এবং ফ্লুতে ভুগতে থাকা আগারকারকে নিয়েই বেশি দুশ্চিন্তায় ভারত অধিনায়ক,“বিশ্বকাপের ঠিক আগে কয়েক জনের ইনজুরি আর অসুস্থতা নিয়ে বেশ চিন্তায় আছি আমি।”

কলকাতায় ১৮ দশমিক ২ ওভারের সেই পন্ড হয়ে যাওয়া ম্যাচটা থেকে কিন্তু অনুপ্রেরণা খুঁজে নিতে সমস্যা হচ্ছে না টম মুডির। শ্রীলঙ্কার কোচের বিশ্বাস , সেদিন বিশেষ করে সনাৎ জয়াসুরিয়ার ইনিংসটা রাজকোটে আত্মবিশ্বাস যোগাবে তার দলকে,“ ম্যাচে খুব সামান্যই খেলা হয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস জয়াসুরিয়ার অপরাজিত ৬৩ রানের ইনিংসটা ভাল একটা অবস্থানে পৌঁছে দিয়েছিল আমাদের। আমাদের ব্যাটিংয়ের যে গভীরতা তাতে ঐ অবস্থান থেকে (৩ উইকেটে ১০২ রান) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা স্কোর গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম আমরা। রোববারের ম্যাচে আমরা আরো বেশি আত্মবিশ্বাস নিয়ে নামতে যাচ্ছি।” ভারতের ‘ক্রিকেট-মক্কা’র সেই অসমাপ্ত ম্যাচটা অনুপ্রেরণা এনে দিযেছে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের মনেও,“কলকাতায় শুরুতে উইকেট ভাল মতোই সাহায্য করছিল ব্যাটসম্যানদের। যদিও সনাৎ (জয়াসুরিয়া) আমাকে পরে বলেছে যে বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে উইকেটও ধীরগতির হয়ে পড়ছিল। সেদিন আমরা সত্যিই ভাল খেলছিলাম। আশা করি রোববার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো আমরা।”