আজ জিতলেই শিরোপা ইংল্যান্ডের
মাত্র ক’দিনের ব্যবধানে কী অবিশ্বাস্য পরিবর্তন! ৭৫ বছর পর অ্যাশেজে হোয়াইটওয়াশ হওয়ার দুঃখ ভুলতে না ভুলতেই কমনওয়েলথ ব্যাংক সিরিজ যেন দুঃস্বপ্ন হয়ে এসেছিল ইংল্যান্ডের কাছে। একের পর এক পরাজয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাওয়ার অপমানজনক দাবি পর্যন্ত উঠেছিল। অস্ট্রেলিয়ার এই নিয়মিত ত্রিদেশীয় টুর্নামেন্টের দুই--তৃতীয়াংশ শেষ হওয়ার পর মনে হচ্ছিল ফাইনালে ওঠা তাদের পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার। তবে শেষ দুই ম্যাচ জিতে ইংলিশরা সেই ‘প্রায় অসম্ভব’ কাজটা তো সম্ভব করেই থেমে যায়নি, শুক্রবার প্রথম ফাইনালে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকেও। রোববারের দ্বিতীয় ফাইনালেও জয় পেলে শিরোপাটাও চলে যাবে তাদের ঘরে। ক’ দিন আগেও যাদের ফাইনালে ওঠা নিয়ে সম্ভাবনা ছিল সংশয়াচ্ছন্ন, তারাই কি না এখন শিরোপা জয়ের সুবাস পাচ্ছে! ক্রিকেট শুধু কেড়েই নেয় না, ফিরিয়েও দেয় অনেক কিছু!
ব্যাপারটা বোধ হয় সবচেয়ে ভাল বুঝতে পারছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ২০০৫-এ তার দুর্দান্ত পারফরম্যান্স ১৮ বছর পর অ্যাশেজ এনে দিয়েছিল ইংল্যান্ডকে। নিয়মিত অধিনায়ক মাইকেল ভনের ইনজুরির কারণে এবার তিনিই ছিলেন অধিনায়ক। নিজে তো কিছু করতে পারেনইনি, দলও ডুবেছে ০--৫ ব্যবধানে পরাজয়ের লজ্জায়। তার পর কমনওয়েলথ ব্যাংক সিরিজের শুরু থেকে হতাশাজনক পারফরম্যান্স। দুঃস্বপ্নের মতো কাটানো সেই দিনগুলোকে পেছনে ফেলে ইংলিশরা যে এখন শিরোপা--স্বপ্নও দেখতে পারছে তাতে বোধহয় ফ্লিনটফ নিজেও বিস্ময়াভিভূত। তবে তাই বলে এখনই বাস্তবের পৃথিবী ছেড়ে কল্পনার আকাশে পাড়ি দিতে তিনি রাজি নন। বরং ট্রফিটা হাতে নিয়েই জয়োৎসব করতে চাইছেন ইংলিশদের প্রিয় ‘ফ্রেডি’,“আমাদের এখন মাটিতে পা রাখতে হবে। আমরা টানা তিনটা ম্যাচ জিতেছি বটে তবে আমাদের সামনে রোববার আরেকটা কঠিন ম্যাচ। বিশেষ একটা উপহার নিয়েই আমরা দেশে ফিরতে চাই।” প্রথম ফাইনালে ম্যাচ জেতানো অপরাজিত ১২০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা পল কলিংউডের কণ্ঠেও সেই প্রতিজ্ঞার প্রতিধ্বনি,“বেশ কয়েক সপ্তাহ ধরে পারফরম্যান্স ও আত্মবিশ্বাস নিয়ে লড়াই করতে হয়েছে আমাদের। কিন্তু সে সব দিন আমরা পেছনে ফেলে এসেছি। আশা করি এই আত্মবিশ্বাস রোববার এবং বিশ্বকাপেও ধরে রাখতে পারবো আমরা।”
ফ্লিনটফের দল যখন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে তখন রিকি পন্টিংয়ের মনে হতাশার কালো মেঘ। সেটাই স্বাভাবিক। ক’ দিন আগেও যে দলকে তারা হেসেখেলে হারাচ্ছিল তাদের কাছে টানা দু ম্যাচে পরাজয়ে হতাশ হওয়ারই কথা। শুধু হতাশাই অবশ্য নয়, ইংলিশদের সাম্প্রতিক পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার অধিনায়ক এখন রীতিমতো দুশ্চিন্তায়,“ওদের (ইংল্যান্ডের) জয়রথ থামানো পুরোপুরি নির্ভর করছে আমাদের ওপরে। আমাকে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত করছে যে ব্যাপারটা সেটা হল আমরা পুরো ১০০ ওভার এক সঙ্গে ভাল খেলতে পারছি না। ব্যাটিংটা ভাল হলে বোলিংটা ভাল হচ্ছে না। আবার বোলিং ভাল হলে ব্যাটিং আশানুরূপ হতে পারছে না।” গ্লেন ম্যাকগ্রা অবশ্য এতটা হতাশ নন। সর্বকালের অন্যতম সেরা পেসারের বিশ্বাস, শুক্রবারের পরাজয় তাদের দলকে বিশ্বকাপের আগে সতর্ক করে তুলবে ভাল মতোই,“গত রাতে (শুক্রবার) আমরা হতদ্যোম হয়ে পড়েছিলাম বটে তবে আশা করি এর থেকে শিক্ষা নিতে পারবো। কখনো কখনো এর দরকারও আছে। বিশেষ করে বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্টের ঠিক আগে।” রোববারের ম্যাচটা ম্যাকগ্রার জন্য বেশ আবেগজাগানিয়া হতেও বাধ্য। ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এটাই যে তার শেষ ওয়ানডে! ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে তাই প্রতিজ্ঞাবদ্ধ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাওয়া ম্যাকগ্রা,“বিশেষ কিছু করার মাধ্যমেই ঘরের মাঠে আমি শেষ করতে চাই। আমি শুধু অ্যাশেজের পঞ্চম টেস্টটার কথা ভাবতে চাই। টেস্ট ক্যারিয়ার শেষ করার জন্য সেটা ছিল একেবারে নিখুঁত একটা ম্যাচ। আশা করি ওয়ানডেতেও একই ব্যাপার ঘটবে।” সিডনিতেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা ম্যাকগ্রা ইংল্যান্ডের শেষ উইকেটটা তুলে নিয়ে জয় এনে দিয়েছিলেন দলকে। ওয়ানডেতেও কি তার পুনারবৃত্তি করতে পারবেন ‘দ্য পিজিয়ন’?
