তামিম ইকবালকে আকরামের চাই --- ই চাই!
কেমন হওয়া উচিত বাংলাদেশের বিশ্বকাপ দল? ১৩ ফেব্র“য়ারি যে দলটি ঘোষিত হবে তাতে কাদের থাকা উচিত? এসব প্রশ্ন নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন। বাংলাদেশের সাবেক অধিনায়করা নফহবংি২৪.পড়সকে জানাচ্ছেন তাদের বিশ্বকাপ দল। সাবেক অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের দল সম্পর্কে আপনাদের জানাচ্ছেন আমাদের স্পোর্টস রিপোর্টার মাসুদ পারভেজ। এবার থাকছে আকরাম খানের বিশ্বকাপ দল।
প্রতিপক্ষ ভারত কিংবা শ্রীলঙ্কার মতো দল। এমন যদি হয় বিশ্বকাপে তাদের বিপক্ষেও ২০ ওভার শেষে বাংলাদেশের রান একশোর বেশি!
আকরাম খানের বিশ্বাস, কল্পনার সীমারেখা ছাড়িয়ে এটা বাস্তব হওয়া খুবই সম্ভব। এক্ষেত্রে বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের জন্য তার অবশ্যই পালনীয় শর্ত, শাহরিয়ার নাফীসের সঙ্গে ইনিংস ওপেন করতে পাঠাতে হবে তামিম ইকবালকে।
সম্পর্কে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের ভাতিজা। তার অগ্রজ নাফিস ইকবাল বাংলাদেশ দলে খেলার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে আড্ডায় বারবার তামিমের কথা তুলতেন আকরাম,“নাফীসের ছোটোটা আরো অনেক ভালো ব্যাটসম্যান।” তখনো বয়সভিত্তিক পর্যায়ে খেলে বেড়ানো তামিম পরে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে চাচার কথার মান রেখেছেন।
বোলারদের ক্রমাগত আক্রমণ করতে জানা ব্যাটসম্যান বাংলাদেশে বিরল। নিজের ভাতিজা বলে নয়। তামিমের ওই ক্ষমতার কারণেই আকরামের ‘ড্রিম ইলেভেন’ এ নাফীসের সঙ্গী নির্দিষ্ট হয়ে গেছে,“ডিওএইচএসের অধিনায়ক হিসেবে এবার তামিমের ব্যাটিং আমি আরো কাছ থেকে দেখেছি। প্রিমিয়ার লিগে ওর ১৮৮ রানের ইনিংসও আছে। ধুমধাড়াক্কা ব্যাটিং করলেই কিন্তু অতো রান করা যায় না। বুঝেশুনে খেলার ব্যাপারটাও থাকতে হয়। বাংলাদেশে ওর চেয়ে জোরে কেউ মারে না। সেগুলো আবার উল্টাপাল্টা মারও নয়।”
প্রতিপক্ষের বোলিংকে ওলট --- পালট করে দেয়ার জন্যই একাদশে তামিমকে দেখতে চান বাংলাদেশের প্রথম দুটো বিশ্বকাপেই খেলা আকরাম,“ওপেনিং জুটি বাছতে গিয়ে পাওয়ার প্লের সুবিধা কাজে লাগানোর বিষয়টাও মাথায় রাখতে হবে আপনাকে। আমি তামিমকেই বেছে নেব। ওর ব্যাটে --- বলে ঠিকমতো হয়ে গেলে ২০ ওভারে কখন একশোর বেশি রান হয়ে যাবে টেরই পাবেন না।”
কিন্তু মাত্রই কয়েকটা ওয়ানডে খেললেন তামিম। এতো অল্প অভিজ্ঞতায় বিশ্বকাপের মতো বড় আসরে তাকে খেলানোর ঝুঁকি নেয়া কী ঠিক? বড় কিছু পাওয়ার জন্য আকরাম এখানে ছাড় দিতে চাইছেন,“এমন নয় যে আমার দলে গত বিশ্বকাপের মতো অনভিজ্ঞ তরুণদেরই নিয়েছি। নাফীস, আফতাব, সাকিব, আশরাফুল ও মাশরাফিরা তরুণ হলেও এখন খেলে খেলে যথেষ্ট অভিজ্ঞ। বাশার, মাসুদ ও রফিকরা তো আছেই। এদের সঙ্গে দ্রুত রান তোলার দাবি মেটানোর জন্য তামিমকে নিলে কারো মন খারাপ হবে কিনা আমি জানি না।”
তবে আকরামের বিশ্বকাপ স্কোয়াড দেখলে জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ছাড়া আর কারোরই মন খারাপ হবে না। সবাই আছেন। শুধু ওই উইকেটকিপার বাদে। উইকেটের পেছনে অন্য সাবেক অধিনায়কদের মতো আকরামেরও এক এবং অদ্বিতীয় পছন্দ খালেদ মাসুদ। এক সময়ের সতীর্থ দেশসেরা এই উইকেটকিপারের বিকল্প ভাবার সময় এখনো আসেনি বলেই মনে করেন আকরাম।
ব্যাটিং অর্ডারেও কিছু পরিবর্তন আসা উচিত বলে মনে করেন তিনি,“আমি আশরাফুলকে চার নাম্বারে খেলাবো। বেশি বল খেলার সুযোগ দেয়া একটা কারণ। তাছাড়া ওর ব্যাটিংয়ে বল আর রানের ব্যবধানও সামান্যই থাকে। এক্ষেত্রে সাকিব একটু পিছিয়ে। তবে চারে ও ভালোই করছে এখন। আমি ওকে ছয়ে খেলাবো। তখন দেখবেন পরিস্থিতির দাবি অনুযায়ী বল আর রানের ব্যবধান কমে যাবে।”
ওয়েস্ট ইন্ডিজের উইকেট চেনায় অন্য সাবেক অধিনায়কদের চেয়ে এগিয়েই আকরাম। কারণ সেখানকার বুস্টা কাপে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। “এবার বিশ্বকাপে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো ভালো করবে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট তো এই উপমহাদেশের মতোই। আমার একাদশে রফিক আর রাজ্জাক থাকবেই। পেসার খেলবে দুজন। শুনছি শাহাদাত ইদানীং ভালো করছে না। আমি তাই মাশরাফির সঙ্গে তাপসকে রাখবো। অভিজ্ঞতায় তাপসের এগিয়ে থাকাও কাজে লাগবে।”
প্রয়োজনে মিডল অর্ডারে কাজে লাগানো যেতে পারে, এই ভেবে ব্যর্থতা সত্ত্বেও আকরামের দলে আছেন মেহরাব জুনিয়র। মিডল অর্ডারে কেউ ব্যর্থ হলে অবশ্য তুষার ইমরানই পাবেন অগ্রাধিকার। সেসব বিকল্প ভাবনা। আপাতত কল্পনা ছোঁয়ার জন্য ওপেনিংয়ে তামিমকে তার চাই --- ই চাই!
আকরাম খানের গড়া বাংলাদেশের বিশ্বকাপ দল : শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়র, তামিম ইকবাল, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, তাপস বৈশ্য, মোহাম্মদ শরীফ এবং তুষার ইমরান।
আকরাম খানের বিশ্বকাপ একাদশ : শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, সাকিব আল হাসান, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক এবং তাপস বৈশ্য। (এই একাদশটি ব্যাটিং অর্ডার অনুযায়ী সাজানো)
