২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদের স্কোয়াডে ফিরলেন বেকহাম

সেই ৭ জানুয়ারি সর্বশেষ খেলেছিলেন, তার পর থেকে রিয়াল মাদ্রিদ দলে যেন ব্রাত্য হয়ে পড়েছিলেন ডেভিড বেকহাম। আগামী মৌসুম থেকে যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় বেকহামকে দলে না ঘোষণা পর্যন্ত দিয়ে ফেলেছিলেন রিয়ালের কোচ ফ্যাবিও ক্যাপেলো। ক্লাব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা কোচ তার সেই সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছেন অবশেষে। শনিবার স্প্যানিশ লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে ২০ জনের দলে রেখেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 10:50 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

প্রায় চার বছর আগে রিয়ালে যোগ দেয়া বেকহামকে  কখনোই এতটা দুঃসময়ের ভেতর দিয়ে যেতে হয়নি। ফর্ম যতই খারাপ থাকুক না কেন দলে সুযোগ পাওয়ার জন্য এতটা হাপিত্যেশ কখনোই করতে হয়নি তাকে। এমন দুঃসময়ে রিয়ালের অধিনায়ক রাউল ও গুতিকে অবশ্য পাশে পেয়েছেন তিনি। বেকহামকে দলে রাখার জন্য দু জনেই অনুরোধ করেছেন ক্যাপেলোকে। তবে তাদের অনুরোধে নয়, ক্যাপেলো বেকহামকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্র্যাকটিসে তার নিষ্ঠা দেখে,“যুক্তরাষ্ট্রের ক্লাবটার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর তাকে (বেকহামকে) নিয়ে আমাদের মধ্যে সংশয় ছিল। সে আগের মতো উৎসাহ নিয়ে প্র্যাকটিস করতে পারবে কি না তা নিয়ে সন্দিহান ছিলাম আমরা। কিন্তু নিখুঁতভাবে প্র্যাকটিস করেছে। সতীর্থরাও তাকে দারুণ সমর্থন দিয়েছে। দারুণ পেশাদারিত্বের পরিচয় দেয়ার কারণেই সে আবার দলে ফিরেছে। গত সপ্তাহে এবং আজো (শুক্রবার) তার সঙ্গে কথা বলেছি আমি। আমরা এখন দারুণ আনন্দিত, আর সে--ও খুশি।”