২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকরামের সেঞ্চুরি সত্বেও ডিওএইচএসের হার এবং সুপার লিগ অনিশ্চিত

ডিওএইচএসে খেলছেন তিন বছর ধরে। আগের দুবছর এই দলটার প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জেতায় অধিনায়কের পাশাপাশি ব্যাটসম্যান আকরামের ভূমিকাও কম ছিল না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

কিন্তু কোনো সেঞ্চুরি না থাকার অতৃপ্তি এবছর এমন এক সময়ে এসে ঘুঁচালেন, যখন আনন্দের জায়গায় টেনশন নিয়ে শুক্রবার রাতটা পার করতে হবে তাকে। তার সেঞ্চুরি সত্ত্বেও এদিন ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোনারগাঁ ক্রিকেটার্সের কাছে ৫ উইকেটের হারে এখন সুপার লিগে যাওয়াই অনিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের। ১১ ম্যাচে ষষ্ঠ হারে তাদের পয়েন্ট ১০ ই থেকে গেল। একই দিনে নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ভিক্টোরিয়াকে ২ উইকেটে হারিয়ে পয়েন্টে ডিওএইচএসের সমান হয়ে গেছে ইয়াং পেগাসাসও। শনিবার একই মাঠে ব্রাদার্সকে হারাতে পারলে কলাবাগানও তাদের কাতারে চলে আসবে। তিন দলের পয়েন্ট সমান হলে বাইলজ অনুযায়ী প্রথমে ‘ হেড টু হেড’ বিবেচনায় আসবে। তখন কলাবাগানই চলে যাবে সুপার লিগে। কেননা ডিওএইচএস ও  পেগাসাসের সঙ্গে ম্যাচে জিতেছিল তারাই। একটা ‘লাইফলাইন’ অবশ্য ডিওএইচএসের আছে।  শনিবার কলাবাগান হেরে গেলেই কেবল তাদের পক্ষে সুপার লিগে যাওয়া সম্ভব। কারন তারা পেগাসাসকে হারিয়েছিল।

এদিন প্রিমিয়ার ক্রিকেটে সেঞ্চুরি আছে আরেকটা। বিকেএসপিতে ওপেনার জুনায়েদ সিদ্দিকীর (১১৫ বলে ১২০) সেঞ্চুরিতে ২১৮ রান তোলা মোহামেডান ৫৬ রানের সহজ জয়ই পেয়েছে পারটেক্সের বিপক্ষে। জুনায়েদেরটা না গেলেও বিফলে গেছে আকরামের ১৪০ বলে খেলা ১১৯ রানের ইনিংসটা। ওই ইনিংসের কারনেই তো নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান তুলেছিল ডিওএইচএস। ৩ ওভার বাকি থাকতেই সোনারগাঁর ওই রান টপকে যাওয়ার মানে সহজ জয়ই। এটা সম্ভব হয়েছে ওপেনার আল শাহরিয়ার (১০৪ বলে ৮৪ রান) এবং মার্শাল আইয়ুবের (৭২ বলে ৬৮ রান) দুর্দান্ত ব্যাটিংয়ে।