২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জেতার জন্য শেষ ওভারে ১৮ রান দরকার প্রতিপক্ষের। আর সেটা যখন জিম্বাবুয়ে তখন আরেকটা দুঃস্বপ্নের আশঙ্কাতেই থাকার কথা বাংলাদেশ শিবিরের। গত আগস্টে মাশরাফির করা ম্যাচের শেষ ওভারে ১৮ রান তুলে এই হারারে স্পোর্টস ক্লাব মাঠকেই উৎসবের মঞ্চ বানিয়েছিলেন ব্রেন্ডন টেলর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 11:30 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এবারো উৎসব হল। তবে পাল্টে গেছে চরিত্রগুলো। প্রোসপার উতসেইয়ারা নন, সেটা এবার করলেন হাবিবুল বাশাররা। নিশ্চিত ওই শেষ ওভারটার আগে বাংলাদেশ দলের টেনশনের জায়গা নিয়েছিল উজ্জ্বীবনী শক্তি। কিন্তু কিভাবে? জিততে হলে ৪২ বলে করতে হবে ২৫ রান, হাতে আছে ৫ উইকেট। এ অবস্থা থেকে হেসেখেলে ম্যাচ জিতবে না জিম্বাবুয়ে, এটা কেউ জন¯ম্মুখে বললেই বরং হাসির পাত্র হতেন।

অথচ জিম্বাবুইয়ানরা ৩৬ বলে মাত্র ৭ রান করেই সামনে আনলেন শেষ ওভারের ওই অসম সমীকরণ। এটা মেলাতে জানা কোনো ব্যাটসম্যানই আর তখন অবশিষ্ট নেই। মোহাম্মদ রফিকের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব যে তিনি উপভোগই করেছেন, তা ওই সময়টায় আব্দুর রাজ্জাকের নিয়ন্ত্রিত বোলিংয়েই ফুটে উঠেছিল। এই বাঁহাতি স্পিনারকে অবশ্য শেষ ওভারটা পুরো করতে হয়নি। ২ বল বাকি থাকতেই আর মাত্র ৩ রান যোগ করে ২১৪ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। ১৪ রানের জয় দিয়ে পিছিয়ে যেতে যেতেও সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

সাকিব আল হাসানের সরাসরি থ্রো তে গ্যারি ব্রেন্টের রান আউটে সাঙ্গ হয় সারাদিন স্বাচ্ছন্দ্যে থাকা জিম্বাবুয়ের দিনান্তের সংগ্রাম। তবে এই তথ্যে কিন্তু বাংলাদেশের জয়ে সাকিবের ভূমিকাটা প্রকাশ পাচ্ছে অল্পই। জিম্বাবুয়ের চারজন ব্যাটসম্যান রানআউট হয়েছেন। এর  মধ্যে তিনটা সরাসরি থ্রো তে। আর তিনটি রান আউটরে সঙ্গেই জড়িয়ে সাকিবের নাম। জিম্বাবুয়ের সঙ্গে পার্থক্য গড়ে ফেলাতে এটারই তো সবচেয়ে বড় ভূমিকা। ব্যাটিংয়ে মাত্র ১১ রান করা সাকিব পুষিয়ে দিয়েছেন এভাবেই।

কে পোষাননি?  এই যেমন মোহাম্মদ শরীফ। পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের শুরুটা মোটেও সুবিধের হয়নি তার। নিজের প্রথম ওভারে ১৬ রান দিয়েছেন। ৫ ওভারের প্রথম স্পেলে খরচ ৩৫ রান। কিন্তু পরে ফিরে এসে দলের জন্য সবচেয়ে কাঙ্খিত উইকেটটাই তুলে নিয়েছেন। আগের ম্যাচে অপরাজিত ৯৩ রান করা ভুসিমুজি সিবান্দাকে (৬৪) অধিনায়ক হাবিবুল বাশারের ক্যাচ বানিয়েছেন তিনি। মিড অনে এক হাতে দেখার মতো ক্যাচ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, আর সেই মুহুতঁটাই পেয়েছে মোমেন্ট অব দ্য ম্যাচের স্বীকৃতি।

ব্রেন্ডন টেলরও (৩১) সিবান্দার প্রায় সঙ্গে সঙ্গেই রান আউট হলে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪৯ রান। সেখান থেকে দেবাংওয়াকে সঙ্গে নিয়ে চিগুম্বুরার ৫৩ রানের পার্টনারশিপের পর কে ভেবেছিল ১২ রানে শেষ ৫ উইকেট হারিয়ে হেরে যাবে জিম্বাবুয়ে।

এ ম্যাচেও জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতেই ৯১। টেরেন্স ডাফিনকে (৩৭) আব্দুর রাজ্জাক স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ভেঙ্গেছেন সিবান্দার সঙ্গে তার জুটি। এরপর মাসাকাদজাকেও (৬) সাকিব দ্রুত ফিরিয়ে  দেন। তবে ইনফর্ম সিবান্দাকে ফেরানোই ছিল সবচেয়ে জরুরী।

বাংলাদেশের ইনিংস শুরুতেই পড়েছিল বিপর্যয়ের মুখে। শুরুর এই চোটটা সামাল দেন সহ-অধিনায়ক শাহরিয়ার নাফীস, ৬৯ রানের ইনিংস খেলে এবং সুবাদে তিনিই ম্যান অব দ্য ম্যাচ।  নাফীসের আউটের পরই আবার পথ হারায় বাংলাদেশ। সেখান থেকে দুশোর কোঠা পার করা নিশ্চিত করেন অধিনায়ক হাবিবুল বাশার। মাশরাফিকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে তার তোলা ৫১ রানের সুবাদে বাংলাদেশ পেরিয়েছে দুশো। আউট হওয়ার আগে হাবিবুল করেছেন ৩১। মাশরাফির রান ২৯।  শেষ দিকে সিরিজে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া তাপস বৈশ্যও (১৮*) দ্রুত কিছু রান তোলায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে বাংলাদেশ।

নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির দিকে এগুতে থাকা নাফীস শুরুর বিপর্যয় দারুণ সামলে দিয়েছিলেন। এক্ষেত্রে তার সঙ্গী ছিলেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া উইকেটকিপার মুশফিকুর রহিম। মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর তারা দুজনে চতুর্থ উইকেটে ৯৬ রান যোগ করেছেন।  গ্যারি ব্রেন্টের বলে আউট হওয়ার আগে মুশফিক মূল্যবান ৪২ রান দিয়ে গেছেন দলকে। তখন ৬৬ রানে থাকা নাফীসও এরপর বেশিক্ষণ টেকেননি। ৬৯ রান করে আউট হয়ে যান। ১০ রানের ভেতর নাফীস ও মুশফিকের উইকেট হারানো বাংলাদেশকে আরো বিপদে ফেলে গেছেন মোহাম্মদ আশরাফুল। মাত্র ৩ রান করে দলকে টেনে নেয়ার দায়িত্ব পালনে আবারো ব্যর্থ তিনি।

 সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের শুরুটাও হয়েছে তামিম ইকবালের মতোই। ওপেনিংয়ে মেহরাব হোসেন জুনিয়রের ক্রমাগত ব্যর্থতা এদিন ওয়ানডে অভিষেকের সুযোগ করে দেয় তাকে। কিন্তু একেবারে নিরানন্দ অভিষেক। মাত্র ৫ রান করে আউট হয়ে গেছেন এই বাঁ হাতি হার্ড হিটার। এর মধ্যে ম্যাচের প্রথম বলে স্লিপে তার ক্যাচও পড়েছে।

তবে তার চেয়েও অল্পতে ফিরে গেছেন আফতাব আহমেদ (১)। টসে হেরে ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যেই দুজনের উইকেট খুইয়ে দ্বিতীয় ওয়ানডের মতোই ধুঁকতে শুরু করা বাংলাদেশের বিপদ আরো বাড়ে সাকিব আল হাসানও মাত্র ১১ রান করে আউট হয়ে গেলে। ভাগ্যিস এরাই আবার পরে ত্রাণকর্তা হয়েছেন।