সোনিয়া গান্ধী পৌছার ঠিক আগেই বোমা বিস্ফোরণ
২৯টি রাজ্যের ১২ হাজারেরও বেশি খেলোয়াড়--কর্মকর্তা প্রস্তুত। ভারতের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য প্রস্তুত সংগঠকরাও। কিছুক্ষণ বাদেই উদ্বোধন করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। হঠাৎই বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে উঠলো আসামের রাজধানী গৌহাটি। কামাখ্যা রেলওয়ে স্টেশনের দুটো ভবনের মাঝে বিস্ফোরিত হওয়া বোমাটি ৩৩ তম জাতীয় গেমসের ভবিষ্যত নিয়েও জন্ম দিল অনেক প্রশ্নের।
এমন অনাকাক্সিক্ষত ঘটনা যে ঘটতে পারে সেই আশঙ্কা অবশ্য অনেকেই করেছিল। আসামের অস্থিতিশীল পরিবেশ তো আর নতুন কিছু নয়। বহু দিন ধরেই ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা) নামের একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গী সংগঠনের সন্ত্রাসে সেখানকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্বাধীন আসামের লক্ষ্যে উলফার সন্ত্রাসী কার্যকলাপে ২০ হাজারেরও বেশি মানুষকে জীবন দিতে হয়েছে। গত বছরের শেষ দিকে এবারের জাতীয় গেমসে বয়কট করারও হুমকি দিয়েছে সংগঠনটি। ক’দিন আগে অবশ্য আসামের বেশ কয়েক জন প্রখ্যাত ক্রীড়াবিদ কোনো রকম গন্ডগোল না করার অনুরোধ জানিয়েছে তাদের কাছে। উলফা যে সেই অনুরোধে সাড়া দেয়নি সেটা তো এখন বোঝাই যাচ্ছে!
