পোর্ট এলিজাবেথে আবার বৃষ্টি, ৪৯.৫ ওভারে পাকিস্তান ৮ উইকেটে ২৪৫
বৃষ্টি থামায় শুরু হয়েছিল খেলা। সেই সুযোগে ২.৫ ওভারে ২৮ রান তুলে পাকিস্তানকে ৮ উইকেটে ২৪৫ পর্যন্ত নিয়ে যান আজহার মেহমুদ (২৬*) ও রানা নাভিদ (১৫*)। তারপর আবার নেমেছে বৃষ্টি। পাকিস্তানের ইনিংস শেষ হতে তখন মাত্র ১ বল বাকি।
আগের ম্যাচের মতো এবারও টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইনজামাম --- উল হক। তবে আগেরবারের মতো এবারো পাকিস্তান খুব বড় চ্যালেঞ্চ ছুড়ে দিতে পারবে তা মনে হয়নি কখনো। ইমরান নাজির (১৩), কামরান আকমল (৬) আর ইউনিস খান (২২) এবং ইনজামামকে (১) হারিয়ে এক সময় স্কোর ছিল ৪ উইকেটে ৭১। সেখান থেকে স্কোরকে একটু ভদ্রস্থ করে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ ইউসুফ (৭৯) আর শোয়েব মালিকের (৪১) ৯১ রানের জুটি। তারপর মাত্র ৩ রানের মধ্যে দুজনই আউট। স্কোর ৬ উইকেটে ১৬৫। ম্যাচ জেতানোর মতো রান তোলার দায়িত্ব ছিল দ্বিতীয় ম্যাচের সেরা পারফর্মার শহীদ আফ্রিদি (৮) ও আব্দুর রাজ্জাকের (৩*)। আফ্রিদিকে গিবসের ক্যাচ বানিয়ে ম্যাচে তৃতীয় আর রাজ্জাককে (২৭) উইকেটকিপার বাউচারের গ্লাভসবন্দী করে চতুর্থ উইকেটও পেয়ে গেছেন অ্যান্ড্রু হল (৪/৩৫)। মাাখায়া এনটিনির ৫৩ রানে ৩ উইকেট তাই দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স। হল আর এনটিনির তোপের মুখে দু’শর মধ্যেই গুটিয়ে যাচ্ছিল পাকিস্তান। অনেক দিন পর দলে ফেরা আজহার মেহমুদের (২৬*) সঙ্গে অষ্টম উইকেটে ৪১ রান তুলে সে আশঙ্কা দূরে ঠেলেন রাজ্জাক। তার বিদায়ের পর পরই ম্যাচ চলে যায় বৃষ্টির দখলে। খেলা বন্ধ থাকা অবস্থায় সেরে নেওয়া হয় নৈশভোজ। আম্পায়াররা চেয়েছিলেন ওভার না কমিয়ে ৫০ ওভারের ম্যাচই খেলাতে। পাকিস্তানের ৪৯.৫ ওভার শেষে আবার বৃষ্টি নামায় সেটা আর সম্ভব কিনা তা সময়ই বলতে পারবে।
