৪ উইকেটে প্রথম ফাইনাল জিতে এগিয়ে গেলো ইংল্যান্ড
কাল ছিল গ্লেন ম্যাকগ্রার ৩৭ তম জন্মদিন। কিন্তু এই জন্মদিনটিকে দিনটিকে গ্লেন ম্যাকগ্রা ভুলে থাকতে চাইবেন বাকি জীবন। সেটাই স্বাভাবিক। আর পল কলিংউডের জন্যে দিনটি কিন্তু সারাজীবনই বয়ে চলবে অন্যরকম তাৎপর্য, চিরকাল মনে রাখার মতো এক স্মৃতি। শুক্রবার কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ফাইনালে তার অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড!
গ্র“প পর্বের নিজেদের সর্বশেষ ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৯২ রানে হারিয়েছিল ইংল্যান্ড -- সে কথা ভাবলে টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার মাত্র ২৫২ রানে গুটিয়ে যাওয়াকেও স্বাভাবিক মনে হতে পারে কারো কারো কাছে। সে ক্ষেত্রে ধরে নিতে হবে অস্ট্রেলিয়া সফরে ইংলিশদের লজ্জায় মুখ লুকানোর মতো লাগাতার ব্যর্থতার ফিরিস্তি তাদের একেবারেই অজানা। এখন অবশ্য অজানা থাকাই ভালো। কারণ,মাঠে নিকটঅতীতের এই ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার মতো দলই হয়ে উঠছে ইংল্যান্ড। নইলে স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ের পর গিলক্রিস্ট (৫) বিদায় নেওয়ার পর তো কবরই রচিত হচ্ছিল তাদের। রিকি পন্টিং (৭৫ বলে ৭৫) আর ম্যাথু হেইডেনের (৮২) ১৩৮ রানের দ্বিতীয় উইকেট জুটিটা ভাঙ্গার পর থেকে ম্যাচের চেহারা যেন বদলে যেতে লাগলো এক জাদুকরের জাদুর কাঠির স্পর্র্শে। জাদুকরের নাম পল কলিংউড। হ্যাঁ, নিউজিল্যান্ডের বিপক্ষে গ্র“প পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি দিয়ে ইংল্যান্ডকে ফাইনালে নিয়ে আসা সেই কলিংউড। বোলিংয়ে (০/২১) তেমন কিছু করতে পারেননি, যা করার করেছেন ফিল্ডিং দিয়ে। প্রথমে মন্টি পানেসারের বলে পন্টিংয়ের দেওয়া ভীষণ কঠিন ক্যাচ লুফে নিলেন কাভারে অসাধারণ দক্ষতায়। এভাবে দ্বিতীয় উইকেট জুটি ভাঙ্গার কিছুক্ষণ পর উইকেটে থিতু হয়ে যাওয়া মাইকেল ক্লার্ককে (৩৩) রান করে ভাঙ্গলেন বিপদজনক হয়ে ওঠার সম্ভাবনা জাগানো পঞ্চম উইকেট জুটিও। ওখানেই শেষ ভাববেন না। এ ইনিংসে ব্রেট লি -- ও হয়েছেন রানের খাতা খোলার আগেই রান আউটের শিকার। শিকারী সেই পল কলিংউড। ফ্লিনটফের ৪১ রানে ৩ উইকেট, সাজিদ মাহমুদের ৪৫ রানে আর পানেসারের ৪৪ রানে দুটি করে উইকেট নেওয়াকে তখনও অবশ্য কলিংউডের উজ্জ্বলতার প্রায় কাছাকাছি মনে হচ্ছিল। ম্যাচ শেষে তা আর মনে হয়নি।
সেরকম মনে হওয়ার কোনো কারণও নেই। ২৫৩ রানের লক্ষ্যের দিকে যাত্রা শুরু হতে না হতেই দলের স্কোর ৩ উইকেটে ১৫। সেখান থেকে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করে যদি ম্যাচ বের করে আনেন তাহলে কলিংউডের পাশে কাউকে ভাববেন কী করে! হ্যাঁ, বলতে পারেন ম্যাচ জেতানোর পেছনে তার সঙ্গে ইয়ান বেল --- এর গড়ে তোলা ১৩৩ রানের জুটিটিরও বিশাল অবদান আছে। তা আছে বৈকি। সে হিসেবে কৃতিত্ব দিতে হবে বেল --- এর ৬৫ রানের ইনিংসটাকেও। অ্যান্ড্রু ফ্লিনটফের ৩৬ বলে ৩৫ রানের অবদানকেই বা তুচ্ছ মনে করবেন কেন? ফ্লিনটফ -- কলিংউড পঞ্চম উইকেটে ৭৪ রান না তুললে তো তীরে এসেও ডুবে যেতে পারতো ইংল্যান্ডের তরী। সে আশঙ্কা জেগেওছিল ফ্লিনটফ আর ড্যালরিম্পল পর পর দু ওভারে ফিরে যাওয়ায়। তখনো ২৩ বলে দরকার ২৭ রান। অন্যরকম কিছু হয়েও যেতে পারতো। হয়নি কলিংউডের ১৩৩ বলে ১২০ রানের ইনিংসটির জন্যে। এই ইনিংসটির সুবাদেই ৩ বল হাতে রেখেই ইংল্যান্ড জিতে গেছে ৪ উইকেটে। তবে পিছিয়ে গিয়ে ইংল্যান্ডের এ জয়ের জন্য কৃতিত্ব (!) দিতে পারেন গ্লেন ম্যাকগ্রাকেও। শুক্রবার ছিল তার ৩৭তম জন্মদিন। ইয়ান বেল ১৮ রানে তার হাতে জীবন ফিরে পেয়ে শেষ পর্যন্ত করেছেন ৬৫ রান। অ্যান্ড্রু ফ্লিনটফ ২ রানে রান আউট হওয়া থেকে রেহাই পেয়ে করেছেন ৩৫। এর আগে ব্যাট হাতে নিজের সুনাম (!) বজায় রেখে সেই ফ্লিনটফের বলেই বোল্ড হয়েছেন কোনো রান না করে! এসব কৃতিত্বের (!) সঙ্গে প্রাসঙ্গিক পরিসংখ্যান হলো ৫৩ রান দিয়ে কোনো উইকেটই পাননি তিনি। ম্যান অব দ্য ম্যাচ পল কলিংউডের কাছে বেস্ট অব থ্রির প্রথম ফাইনাল কেন চিরস্মরনীয় হবে না, ম্যাকগ্রাই বা কেন তার ৩৭তম জন্মদিনটিকে ভুলে যেতে চাইবেন না, আপনিই বলুন!
