২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান ফুটবলে কালো মেঘ, ইংলিশদের রমরমা

সংশয় আর অনিশ্চয়তার কালো মেঘ যেন ঢেকে দিচ্ছিল ইতালিয়ান ফুটবলের আকাশ! ফুটবল মাঠে একের পর এক সহিংসতা, কয়েক দিনের ব্যবধানে দু জনের মৃত্যুতে ইতালির ঘরোয়া ফুটবল অনির্দিষ্ট কালের জন্য স্থগিতই ঘোষণা করা হয়েছিল। ইতালির জন্য তো ব্যাপারটা আরো বেশি বেদনাদায়ক। বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে যে ফুটবলটা প্রায় ধর্মের মতো! এমন এক অনিশ্চয়তা মোড়া দুঃসময়কে পেছনে ফেলতে ইতালির সিরি ‘এ’--র ক্লাবগুলো এখন দৃঢ় প্রতিজ্ঞ। রোববার থেকেই আবার লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলোর সংগঠন ‘লিগা ক্যালসিও’।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এমনিতেই ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে দুর্নাম কুড়াতে হয়েছে সে দেশের ফুটবলাঙ্গনকে। যে কারণে আগের দু বারের শিরোপা কেড়ে নেয়ার পাশাপাশি দ্বিতীয় বিভাগেও নামিয়ে দেয়া হয়েছে জুভেন্টাসকে। সে সব দুঃস্মৃতি ফিকে হতে না হতেই সহিংসতার আঘাতে একেবারে জর্জরিত ইতালির ফুটবল। ২ ফেব্র“য়ারি ক্যাটানিয়া-পালেরমো ম্যাচে এক জন পুলিশ অফিসারের দুঃখজনক মৃতুতে ক্ষুব্ধ ইতালিয়ান ফুটবল ফেডারেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিতই ঘোষণা করেছিল সিরি ‘এ’। তবে বৃহস্পতিবার এক মিটিং শেষে প্রয়োজনে দর্শকবিহীন মাঠে হলেও লিগ শুরু করার ঘোষণা দিয়েছে ‘লিগা ক্যালসিও’। সংগঠনটির প্রধান আন্তোনিও মাতারেসি তার ব্যখ্যায় বলছেন,“ যুক্তি-পাল্টা যুক্তিতে ভরপুর দারুণ প্রাণবন্ত এক আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি লিগ চালিয়ে যাবার। দেশের এই সমস্যাকে আন্তরিকতা ও দায়িত্ব নিয়েই মোকাবিলা করতে চাই আমরা।” আর তাদের এই সিদ্ধান্ত অনুযায়ী এসি মিলান--লিভরনো ম্যাচটি হবে দর্শকবিহীন সানসিরোতে। অর্থাৎ মিলানের হয়ে ঘরের মাঠে অভিষিক্ত হওয়ার সুযোগ পেলেও রোনালদোকে খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে! তবে রোম, জেনোয়া, সিয়েনা, ক্যালিয়ারি, তুরিন ও পালেরমোর মাঠগুলোতে থাকতে পারবে দর্শকরা।

ইতালিয়ান ফুটবলাঙ্গন যখন একের পর এক বিতর্কে জর্জরিত তখন ইংল্যান্ডের ক্লাবগুলোর চলছে দারুণ সুসময়। ইংলিশ প্রিমিয়ার লিগের সপ্তম ক্লাব হিসাবে বিদেশি মালিকানায় চলে গেছে লিভারপুল। ‘অল রেড'দের নতুন মালিক এখন দুই মার্কিন ধনকুবের জর্জ জিলেট ও টম হিকস। এর আগে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, পোর্টসমাউথ, ওয়েস্টহ্যাম ইউনাইটেড এবং ফুলহ্যামও বিক্রি হয়ে গেছে বিদেশিদের কাছে। ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড আর টটেনহ্যাম হটস্পারও আছে সম্ভাব্যদের তালিকায়!