২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বাঁচা - মরার ম্যাচে তামিমের অভিষেক

২ - ০ এর স্বস্তি নিয়ে এ ম্যাচটা খেলতে নামবেন, এমন স্বপ্নই তো দেখেছিলেন হাবিবুল বাশার। কিন্তু তা না হয়ে শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে হতে যাওয়া সিরিজের তৃতীয় ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা - মরার প্রতিশব্দ হয়ে গেছে। এই ম্যাচে হেরে গেলে সিরিজ হারতে হবে না ঠিকই। আবার চার ম্যাচের সিরিজে জেতাও তো হবে না। তাহলে জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশের কৌলিন্যের দাবিটা জোর হারাবে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 10:22 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

আর এমন ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটের উত্তপ্ত কড়াইয়ে পরতে যাচ্ছেন তামিম ইকবাল। ওপেনিংয়ে মেহরাব হোসেন জুনিয়রের ব্যর্থতাই বাংলাদেশের সবচেয়ে হার্ডহিটিং ব্যাটসম্যান বলে স্বীকৃত তামিমের জন্য খুলে দিয়েছে ওয়ানডে ক্রিকেটের দরজা।

১৭ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যানের তৃতীয় ম্যাচে শাহরিয়ার নাফীসের সঙ্গী হওয়াটাই অবশ্য বাংলাদেশের একাদশে একমাত্র পরিবর্তন নয়। হারের ধাক্কা পরিবর্তন আনছে আরো। মোহাম্মদ রফিকের নাকের ইনজুরি সেই পরিবর্তনের সংখ্যাকে নিয়ে ঠেকিয়েছে তিনে। বৃহষ্পতিবারও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। দলীয় সূত্রের খবর, রফিককে আরো পাঁচদিন পর্যবেক্ষণে রাখতে হবে। কেননা তার নাক থেকে রক্ত পড়া এখনো বন্ধ হয়নি। যার অর্থ এই সিরিজেই আর খেলা হচ্ছে না রফিকের।  রফিকের জায়গায় পাঁচ বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন পেসার মোহাম্মদ শরীফ।

দ্বিতীয় ম্যাচটা মাশরাফি বিন মর্তুজার নতুন বলের নিয়মিত সঙ্গী শাহাদাত হোসেনের  ভালো যায়নি একদমই। তাই আজ তার জায়গায় সিরিজে প্রথমবারের মতো খেলার সুযোগ হয়ে যাচ্ছে আরেক পেসার তাপস বৈশ্যেরও।