অ্যাকাডেমী দলের অধিনায়ক নাদিফ
বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ‘এ’ দল। সফরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলবে তারা। তার আগে ১৭ ফেব্র“য়ারি থেকে বিকেএসপিতে একটা তিনদিনের প্র্যাকটিস ম্যাচও খেলবে।
ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমী। প্র্যাকটিস ম্যাচের জন্য বিসিবি বৃহষ্পতিবার অ্যাকাডেমী দলও ঘোষণা করে দিয়েছে। ১২ জনের দলের অধিনায়ক করা হয়েছে গত ডিসেম্বরে দেশের মাটিতে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ স্কোয়াডে থাকা নাদিফ চৌধুরীকে।
টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট এবং প্রিমিয়ারে পারফর্ম করা ক্রিকেটারদেরই রাখা হয়েছে এই দলে। এরা হলেন --- জুনায়েদ সিদ্দিকী, জহিরুল ইসলাম, নাদিফ চৌধুরী (অধিনায়ক), নাসিরুদ্দিন ফারুক, মার্শাল আইয়ুব, মাহমুদুল্লাহ রিয়াদ, সগীর হোসেন পাভেল, মোশাররফ হোসেন রুবেল, ডলার মাহমুদ, জিয়াউর রহমান, মোহাম্মদ শাহজাদা এবং সোহরাওয়ার্দী শুভ।
