ফাইনালেও কি ইংল্যান্ডের চমকটা থাকবে?
ডানকান ফ্লেচারের মন্তব্যটা তেমন আমলে নেননি রিকি পন্টিং। ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ মনে করেন,“ ফাইনালে কিছুটা চাপে থাকবে অস্ট্রেলিয়া।”পন্টিং এ কথায় টলবেন কেন? অ্যাশেজ সিরিজ আর কমন ওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে যারা একবারও হারাতে পারেনি সেই ইংল্যান্ডের বিপক্ষে কেন চাপে থাকবে অস্ট্রেলিয়া? ফ্লেচারের মন্তব্যের পেছনে একটা কারণই খুঁজে পেয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক,“ওরা আসলে নিজেদের ওপর থেকে কিছু চাপ কমিয়ে আমাদের ঘাড়ে দিতে চাইছে।” ত্রিদেশীয় সিরিজের বেস্ট অব থ্রি ফাইনালের প্রথমটি হবে শুক্রবার,মেলবোর্নে। হঠাৎ বদলে যাবে ইংল্যান্ড নাকি অঘটনের কোনো সুযোগ না দিয়ে অস্ট্রেলিয়াই --- তা দেখতে কেবল কয়েক ঘন্টারই অপেক্ষা!
ফেবারিট কারা --- এ প্রশ্ন বরাবরের মতো এ ম্যাচেও অবান্তর। প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া হলে ফেবারিটের মর্যাদা আজকাল অন্য কারো জোটে না। তার ওপর অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের যা অবস্থা ....! অবশ্য সর্বশেষ দুটি ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত রেখেছে তারা। প্রথমে অস্ট্রেলিয়াকে ৯২ রানে হারানো তারপর নিউজিল্যান্ডকেও হারিয়ে ফাইনাল নিশ্চিত করা --- এমন পারফরম্যান্স তার দলকে বেশ আত্মবিশ্বাসী করেছে এ দাবীটা ফ্লেচারের মুখে এখন কিন্তু বেমানান শোনায় না। ইংল্যান্ডের বড় সমস্যা এখন ইনজুরি আর ব্যাটসম্যানদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। দ্বিতীয় সমস্যাটি ফাইনালে কাটিয়ে ওঠার চেষ্টা তো থাকবেই, তবে প্রথম সমস্যাটি এখনো ছাড়েনি ইংলিশদের। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য অবশেষে ফাইনাল না খেলেই দেশে ফিরতে হচ্ছে মাইকেল ভনকে। আবার ফ্লিনটফকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে শনিবার অস্ট্রেলিয়া ছাড়বেন তিনি।
ফাইনালে অস্ট্রেলিয়া দলেও আসতে পারে কিছু পরিবর্তন। তেমন আভাসই রিকি পন্টিংয়ের কথায়। আবার প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ব্র্যাড হজ। বল হাতে একেবারে ব্যর্থ ক্যামেরন হোয়াইটের জায়গায় দেখা যেতে পারে অল রাউন্ডার শেন ওয়াটসনকে। তবে অস্বাভাবিক কিছু না ঘটলে বোলিংয়ের নেতৃত্বে থাকবেন ম্যাকগ্রা, ব্রেট লি আর ব্র্যাকেন। যদিও কোনো কিছুই চূড়ান্ত নয়। দু দলই প্রথম একাদশ বেছে নেবে ম্যাচ শুরুর আগে, এমসিজির উইকেট দেখে।
