ফ্রান্সকে হারিয়ে ২১ বছরের পুরনো হিসাব চুকালো আর্জেন্টিনা
দু মৌসুম আগে বার্সেলোনা থেকে ধারে মোনাকোতে খেলতে গিয়েছিলেন তিনি। ফরাসী চ্যাম্পিয়নদের জার্সি গায়ে সেই মৌসুমটা একেবারেই ভাল কাটেনি হাভিয়ের স্যাভিওলার। সে সব দিনের দুঃখ এবার বোধহয় অনেকটাই ভুলতে পারবেন বার্সেলোনার এই স্ট্রাইকার। তার দারুণ এক গোলেই যে বুধবার ফ্রান্সের বিপক্ষে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা বিজয়ী! প্যারিসের ‘স্টাডে ডি ফ্রান্স’-এ অনুষ্ঠিত ম্যাচটাতে দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১--০ গোলের জয় আরো দুই আর্জেন্টাইনের মনেও অন্য ধরনের এক সুখানুভূতি জাগাতে বাধ্য।
বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব পেলেও প্রথম দুই ম্যাচে দলকে জয় এনে দিতে পারেননি আলফিও বাসিল। বরং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও স্পেনের বিপক্ষে ঐ ম্যাচ দুটোতে হার মানতে হয়েছিল ম্যারাডোনার দেশকে। বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্সের সঙ্গে পাওয়া মধুর জয়টা আগামী দিনগুলোতে নিশ্চয়ই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বাসিলের জন্য। আরেক জন হলেন রবার্তো আয়ালা। আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১০৭তম ম্যাচ খেলতে নেমে এমন একটা জয় পেয়ে তিনিও নিশ্চয় দারুণ উল্লসিত!
স্পেন, জার্মানি ও নেদারল্যান্ডস শিবিরেও এই মুহূর্তে উচ্ছ্বাসের বাঁধ ভাঙ্গা ঢেউ। বুধবারই অনুষ্ঠিত নিজেদের ম্যাচে জয় পেয়েছে এই তিন ফুটবল পরাশক্তি। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের জয়টি এসেছে ন্যুনতম ব্যবধানে, ১--০ গোলে। স্প্যানিয়ার্ডদের এক মাত্র গোলদাতা স্যাভিওলার বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। জাতীয় দলের হয়ে এটাই ইনিয়েস্তার প্রথম গোল। ডুসেলডর্ফে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ‘ইওরো ২০০৮’-এর সহ--স্বাগতিক সুইজারল্যান্ডকে সহজেই ৩--১ গোলে হারিয়েছে। স্বাগতিকদের হয়ে গোল করেছেন কেভিন কুরানি, মারিও গোমেজ ও টরস্টেন ফ্রিঞ্জস। আমস্টার্ডামে ডাচদের জয়টা এসেছে আরো বড় ব্যবধানে। রায়ান বাবেল, ওয়েসলি øাইডার, জোরিস মাথিসেন ও রাফায়েল ফন ডার ফার্টের লক্ষ্যভেদে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রাশিয়াকে।
৫ বছর আগে ২০০২ বিশ্বকাপে ফ্রান্স ও আর্জেন্টিনা ছিল হট ফেভারিট। বিশ্বকাপের আগে অনেকেই এই দু দলকে ফাইনালিস্ট হিসাবে ধরে নিলেও শেষ পর্যন্ত সব হিসাব উল্টে দু---দলই বিদায় নেয়। এর পর ফুটবল মাঠে কখনোই মুখোমুখি হয়নি ফ্রান্স ও আর্জেন্টিনা। ঘেটে দেখা যাচ্ছে ওদের শেষ লড়াইটা সেই ’৮৬তে, বিশ্বকাপের ঠিক আগে অনুষ্ঠিত সেই ম্যাচে মিশেল প্লাতিনিকে ছাড়াই ম্যারাডোনার আর্জেন্টিনাকে ২--০ গোলে হারিয়েছিল ফ্রান্স। সেই প্যারিসেই দুই দশক পর ফরাসীদের মুখোমুখি হওয়া আর্জেন্টিনার সামনে ম্যাচটা তাই হয়ে পড়েছিল প্রতিশোধের মিশন। মিশনটা সফল করার পথে তারা প্রথম পদক্ষেপটা রাখলো ১৫ মিনিটের সময়, স্যাভিওলার দুর্দান্ত গোলের মাধ্যমে। দারুণ এক আক্রমণ থেকে গড়ে ওঠা গোলটাতে ছিল নিখাদ লাতিন আমেরিকান ফুটবলের ছোঁয়া।
স্যাভিওলার ব্যাকহিল ধরে দারুণ এক ক্রস করেছিলেন ক্যাম্বিয়াসো। তা থেকে ক্রেসপোর হেড ফ্রান্স গোলকিপার গ্রেগরি কুপে ফিরিয়ে দিলে বল এসে পড়ে স্যাভিওলার পায়ে। আর্জেন্টিনার জার্সি গায়ে একাদশ গোল করতে কোনো ভুল করেনি বার্সেলোনা স্ট্রাইকার (১--০)। পিছিয়ে পড়ার পর স্বাগতিকরা গোল শোধ করার অনেক চেষ্টা করলেও প্রতিপক্ষ গোলমুখের সামনে গিয়ে গুলিয়ে ফেলেছে সব কিছু। বরং ৫৬ মিনিটে ক্রেসপোর জোরালো শট কুপে ফিরিয়ে না দিলে ব্যবধানটা দ্বিগুণও হয়ে যেতে পারতো। ফরাসীরা যে একেবারেই কোনো সুযোগ পায়নি, তা নয়। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনায় জন্মানো ও বেড়ে ওঠা ডেভিড ত্রেজেগের শট আর্জেন্টাইন গোলকিপার আবোনদেনজিয়েরি ঠেকিয়ে দিয়ে বিপদ থেকে রক্ষা করেছেন দলকে। আর তাই জয়টা আর্জেন্টিনার। যে জয় বাসিলেকে দিল খানিকটা স্বস্তি আর গোটা আর্জেন্টিনাকে দিল ২১ বছরের পুরনো হিসাব চুকানোর আনন্দ।
