আইসিসি আর পিসিবির বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ড্যারেল হেয়ার
হঠাৎই যুদ্ধ ঘোষণা করেছেন ড্যারেল হেয়ার। বিতর্কিত এই অস্ট্রেলিয়ান আম্পায়ার তার সঙ্গে বর্ণবাদী আচরনের অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)!
বুধবার প্রথমে হেয়ার পিসিবিকে বর্ণবাদী আচরনের অভিযোগে উকিল নোটিশ পাঠিয়েছেন জেনে ক্ষোভে ফেটে পড়েন পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস সেলিম আলতাফ। মূল ঘটনা গত বছরের আগস্টের। তখন ইংল্যান্ড --- পাকিস্তান ওভাল টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ এনে ইংল্যান্ডকে অতিরিক্ত ৫ রান দিয়েছিলেন সেই ম্যাচের আম্পায়ার ড্যারেল হেয়ার ও বিলি ডকট্রোভ। এ সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যায় পাকিস্তান দল। পরে ম্যাচ ‘ফরফিট’ করে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করেন হেয়ার। বিতর্ক তুঙ্গে ওঠে। বিশ্ব ক্রীড়াঙ্গনে হেয়ারের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। ঝড় থামে আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেল থেকে হেয়ারের নাম বাদ দেওয়ার পর। এতদিন এ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য না করলেও বুধবার হঠাৎ করেই পিসিবিকে উকিল নোটিশ পাঠিয়ে দেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত --- সমালোচিত এই আম্পায়ার। হেয়ারের অভিযোগ ---- বর্ণবাদী দৃষ্টিভঙ্গি থেকে আইসিসির ওপর চাপ প্রয়োগ করে তার বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত নেওয়ায় ভূমিকা রেখেছে পিসিবি।
উকিল নোটিশ পাঠানোর খবর পেয়ে সেলিম আলতাফ অবশ্য জানিয়েছিলেন তাদের আইনজীবি কড়া জবাব দিয়েছেন উকিল নোটিশের,“লন্ডনে আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের কাছে হেয়ারের আইনজীবির পাঠানো একটি নোটিশ পৌঁছেছে। সঙ্গে সঙ্গে তার একটা জবাবও দেওয়া হয়েছে। খুব কড়া জবাব দিয়েছি আমরা। এ ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিস্কার --- তার বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পিসিবি নয়। তাছাড়া আইসিসির সকল সদস্যই তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ায় সম্মতি দিয়েছিল, শুধু পিসিবি নয়।” তার এ প্রতিক্রিয়া বার্তা সংস্থা রয়টার্সে পরিবেশিত হওয়ার কিছ্্ুক্ষণের মধ্যে আসে আরো চমক জাগানো খবর --- আইসিসি আর পিসিবির বিরুদ্ধে মামলাই ঠুকে দিয়েছেন হেয়ার। নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে তিনি পরিস্কার ভাষায় জানিয়েছেন ,“ আমি আমার উকিলকে বলেছি লন্ডনের কেন্দ্রীয় নিয়োগ ট্রাইবুনালে আইসিসি আর পিসিবির বিরুদ্ধে আমার সঙ্গে বর্ণবাদী আচরনের অভিযোগে মামলা করতে।” ড্যারেল হেয়ার কেনিয়ার নাইরোবিতে গিয়েছেন আইসিসির একটি কোয়ালিফাইং টুর্নামেন্ট পরিচালনা করতে।
