অপ্রতিরোধ্য আবাহনীকে থামালো কলাবাগান
নবম রাউন্ড পর্যন্ত তারাই ছিল কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটের একমাত্র অপরাজিত দল। কিন্তু দশম রাউন্ডে এসে আবাহনীর জয়ের চাকা বিকল হল কলাবাগানে গিয়ে। নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে বুধবার কার্টেল ওভারের ম্যাচে ৩ বল বাকি থাকতে আবাহনীকে প্রথম হারের স্বাদ দিয়েছে কলাবাগান। জিতেছে ১ উইকেটে। তবে হেরেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে আবাহনীই।
১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে ভিক্টোরিয়া। আর সমানসংখ্যক ম্যাচ খেলে কলাবাগানের এটা চতুর্থ জয়। বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে সিটি ক্লাবকে ১১ রানে হারিয়ে তৃতীয় জয় পেয়েছে ইন্দিরা রোড। আর সিটি ক্লাবের এটা অষ্টম হার।
টসে হেরে ৪২ ওভারে নির্ধারিত ম্যাচে আগে ব্যাট করতে নামা আবাহনী ২ রানেই হারায় ওপেনার জহুরুল ইসলামের উইকেট। সেখান থেকে অন্য ওপেনার কুন্তল চন্দকে (২৩) নিয়ে নাজিমউদ্দিনের (৬৪) ৮৬ রানের পার্টনারশিপ বড় কিছুর স্বপ্নই দেখাতে থাকে আবাহনীকে। কিন্তু ১৪ রানের মধ্যে এদের দুজনকে হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তাদের মিডল অর্ডারে ধস নামান মূলত রাশেদুল ইসলাম (৩/৪০)। আবাহনীর ৮ উইকেটে ১৭৯ রান তাড়া করে কলাবাগানের জয়ের বন্দরে নোঙ্গর ফেলায় রাশেদুলের শেষদিকে ১৩ বলে ২১ রানের ইনিংসটারও দারুন ভূমিকা। তাই ৭৬ রান করেও ওপেনার কামরুল ইসলাম নন, ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পেয়েছেন রাশেদুলই।
