২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ এসএ গেমসের প্রস্তুতি এখনই শুরু করার তোড়জোড় বিওএর

ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর খেলাধুলার প্রতি আন্তরিকতা দেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আর হাত---পা গুটিয়ে বসে থাকতে পারছে না। আগামী ২০০৮ ঢাকা এসএ গেমসের প্রস্তুতি শুরু করে দিতে চায় তারা। এজন্য বুধবার অলিম্পিক বসেছিল সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর ফেডারেশন কর্তাদের সঙ্গে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 10:05 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মোট ১৭ টি ডিসিপ্লিন রাখা হয়েছে ঢাকা এসএ গেমসে। যেখানে নতুন করে অর্ন্তভূক্ত হওয়ার অপেক্ষায় আছে ক্রিকেট ও গলফ। তাদের অন্তর্ভূক্তি নির্ভর করছে অন্যান্যদের সম্মতির ওপর। ক্রিকেট ছাড়া বাকি ১৬টি ডিসিপ্লিনের কর্মকর্তাদের বলা হয়েছে প্রস্তুতির জন্য কী কী প্রয়োজন তা লিখিতভাবে জানাতে।

কতোজন নিয়ে প্র্যাকটিস শুরু করবে ফেডারেশনগুলো এবং প্র্যাকটিসের জন্য কী প্রয়োজন হবে তা জানতে চেয়েছে বিওএ। বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এস এ গেমসের ভেন্যু সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। এজন্য কী করতে হবে তা জানাতে বলা হয়েছে। বিওএ’র পরিকল্পনা হচ্ছে, আগামী ২০০৮ সালের এসএ গেমসের জন্য প্রস্তুতি নিলে এ বছর ডিসেম্বরে বাংলাদেশ গেমসটাও করা সহজ হয়ে যাবে।

জাতীয় ক্রীড়াপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ সবার উদ্দেশ্যে বলেছেন, “শ্রীলংকার মতোই আমাদের প্রস্তুতি নিতে হবে যেন নিজের দেশের এসএ গেমসে দেশের সম্মান বজায় থাকে।” তবে এই সভায় যারা ১৭ টি ডিসিপ্লিনের মধ্যে নেই যেমন সাইক্লিং, দাবা, স্কোয়াশের মতো ফেডারেশনের প্রতিনিধিরাও ছিলেন। তারা পদক পাওয়ার নিশ্চিয়তা দিয়েছে এবং তাদের এসএ গেমসে অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছে।