তৃতীয় ম্যাচে খেলছেন না রফিক
সিরিজের দ্বিতীয় ম্যাচের সময় মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছিল মোহাম্মদ রফিককে। জিম্বাবুইয়ান ওপেনার ভুসিমুজি সিবান্দার হেলমেটের সঙ্গে লেগে নাকে আঘাত পাওয়া এই বাঁ --- হাতি স্পিনার বুধবার ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
ডাক্তার তার পাশাপাশি গোটা বাংলাদেশ দলকে এই বলে নিশ্চিন্ত করেছে, ২৪ ঘন্টার মধ্যেই পুরো ঠিক হয়ে যাবেন রফিক। তাই বলে ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে রফিককে না খেলানোর সিদ্ধান্ত হয়েছে বলেই জানা গেছে দলীয় সূত্রে।
সেক্ষেত্রে তাপস বৈশ্য এবং মোহাম্মদ শরীফের মধ্য থেকে একজনের খেলার সম্ভাবনা আছে। দ্বিতীয় ম্যাচে জিতলে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে যেতো বাংলাদেশ। তখন বুধবার হয়তো বিশ্রামই পেতেন ক্রিকেটাররা। কিন্তু হেরে যাওয়ায় এদিন প্র্যাকটিসে ঘামই ঝরাতে হয়েছে হাবিবুল বাশারদের।
হারের জন্য কোনো অজুহাত অবশ্য দাঁড় করানোর চেষ্টা করেননি বাংলাদেশ অধিনায়ক। নিজেদের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন ম্যাচের পরপরই। জিম্বাবুয়ের ‘দি হেরাল্ড’ পত্রিকা তার ওই কথাগুলোই তুলে ধরেছে এভাবে,“আমরা মোটেও ভালো খেলিনি। তাই ম্যাচটা হারতে হলো। শুরুর দিকে আসলে আমরা খুব বেশি উইকেট হারিয়েছি। তবুও আমরা চেষ্টা করেছি। কিন্তু এধরনের উইকেটে ১৫৩ রান খুবই কম।”
