পার পেয়ে গেলেন আফ্রিদি
আবার স্বজনপ্রীতির অভিযোগ উঠল আইসিসির বিপক্ষে। কারণ? শাস্তিযোগ্য অপরাধ করার পরও শহীদ আফ্রিদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া। কদিন আগে হার্শেল গিবসের বিরুদ্ধে কঠোর হওয়ার পর এ ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকার কারণ জানিয়ে অবশ্য নিজেদের ‘নিরপেক্ষ’ দাবী করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতির অভিযোগ অনেকবারই উঠেছে। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা বা ম্যাচ পাতানো ইস্যুতে এ উপমহাদেশের ক্রিকেটারদের প্রতি বিমাতাসুলভ আচরনের ধারনাটা তো এখন ক্রিকেটামোদীদের মাঝে প্রায় প্রতিষ্ঠিত। তবে এবার অভিযোগটা উল্টো --- শহীদ আফ্রিদি অশোভন আচরণ করার পরও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন না করায় পাকিস্তানের খেলোয়াড়ের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকায়। পাকিস্তান --- দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডেতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে দর্শকদের দিকে তেড়ে গিয়ে নাকি খুব আপত্তিকর আচরন করেছেন আফ্রিদি। ক্যামেরাতেও ধরা পড়েছে সেই দৃশ্য।
অথচ এমন আচরনের জন্য কোনো শাস্তি পেতে হয়নি আফ্রিদিকে। দক্ষিণ আফ্রিকায় বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টেস্ট সিরিজে দর্শকদের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে হার্শেল গিবসকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করায়। স্টাম্প মাইক্রোফোনে গিবসের মন্তব্য শুনেই এ ব্যবাস্থা নিয়েছিল আইসিসি। সেক্ষেত্রে আফ্রিদির অপরাধ ক্যামেরায় ধরা পড়ার পরও আইসিসি কঠোর হবে এটাই প্রত্যাশিত। সেরকম না হওয়ায় প্রোটিয়ারা হতাশ এবং ক্ষুব্ধ। অবশ্য এমন দ্বৈতনীতির দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলেছে আইসিসি। বুধবার সংস্থাটির মিডিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার ব্রায়ান মারগাট্রয়েড আফ্রিদিকে রেহাই দিয়ে দেওয়ার জন্য দায়ী করেছেন ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের, “ আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী চারজন আম্পায়ার, টিম ম্যানেজার এবং আয়োজক দেশের বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার পারেন অভিযোগ পেশ করতে এবং অভিযোগটা করতে হয় ম্যাচ শেষ হওয়ার আঠারো ঘন্টার মধ্যেই। এই ঘটনায় এদের কেউই কিন্তু অভিযোগ করেননি।” যুক্তিটা খুব পরিস্কার, অপরাধীর বিরুদ্ধে যদি কেউ অভিযোগই না করে তাহলে শাস্তি হবে কেমন করে?
