দ্বিতীয় ম্যাচেই আকাশ থেকে মাটিতে নেমে এল বাংলাদেশ
দেশের মাটিতে জিম্বাবুয়ের অন্য রূপ আগেরবারই দেখে এসেছিলেন। এবারো দেখতে হতে পারে, হাবিবুল বাশারদের এমন আশঙ্কাই সত্যি হল শেষপর্যন্ত। নিজেদের ব্যর্থতাই আসলে সেটাকে সত্যি হতে দিল।
আরো নির্দিষ্ট করে বললে সিরিজ জেতার পথে আরো এক ধাপ এগুতে চেয়ে উল্টো প্রতিপক্ষকে সমান সমান হওয়ার সুযোগ দেয়ার দায়টা ব্যাটসম্যানদেরই। আগের ম্যাচে ২৬০ রান তোলা বাংলাদেশ তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে অনেকটাই অচেনা। গত কিছুদিনে জিততে জিততে অভ্যস্ত হয়ে যাওয়া দলটা ৪৬ ওভারে ১৫৩ রানে অলআউট, বেমানান তো লাগবেই। ৩৫ দশমিক ২ ওভারেই ২ উইকেট হারিয়ে এই রান টপকে গেছে জিম্বাবুয়ে। সুবাদে ৮ উইকেটের জয় এবং সিরিজে সমতা।
প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ২৬০ রান তোলার স্মৃতি বাংলাদেশ শিবিরে আতœবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিয়ে থাকবে। তাই এ ম্যাচে টস জিতে ব্যাটিংটাই বেছে নিলেন অধিনায়ক। এবং ৫ রানের ভেতর দুই ওপেনার শাহরিয়ার নাফীস (১) ও মেহরাব হোসেন জুনিয়রকে (২) ফিরিয়ে দিয়ে যে ধাক্কাটা বাংলাদেশ ইনিংসে দেন ক্রিস্টোফার মপফু, তা আর সামলেই উঠতে পারেনি বাংলাদেশ। যদিও আফতাব আহমেদ (২৪) এবং সাকিব আল হাসানের (২২) ৪৪ রানের পার্টনারশিপে তা সামলে ওঠার ইঙ্গিত ছিল। কিন্তু দুই ওভারের মধ্যে তাদের পাশাপাশি অধিনায়ক হাবিবুল বাশারের উইকেটটাও তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং মেরুদন্ডই ভেঙ্গে দেন গ্যারি ব্রেন্ট। অধিনায়ক প্লেড অন হওয়ার সঙ্গে সঙ্গেই তার দল ৫০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে শুরু করেছিল।
এখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব পালনে ব্যর্থ মোহাম্মদ আশরাফুলও (১৬)। ২৩ রানে ৩ উইকেট পাওয়া শিন উইলিয়ামসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তার ইনিংসটা শেষ হওযার পর স্বীকৃত ব্যাটসম্যান বলে আর কেউ ছিলেন না। এক্ষেত্রে টেল এন্ডারদের দিকে তাকিয়ে থাকা বাংলাদেশকে হতাশ হতে হয়নি একেবোরে। উইকেট কিপার মুশফিকুর রহিমকে (২৭) সঙ্গে নিয়ে মোহাম্মদ রফিকের ৫৬ রানের অষ্টম উইকেট পার্টনারশিপটা হল বলেই আরো বড় লজ্জায় পড়তে হয়নি। ম্যাচের সেরা বোলার গ্যারি ব্রেন্টকে রিটার্ন ক্যাচ দেওয়ার আগে রফিকের ৪৯ বলে ৪০ রানের ইনিংসের ঝাপটা লেগেছে ওই বোলারের গায়েও। না হলে এক পর্যায়ের ৮ --- ২ --- ১২ --- ৩, এই বোলিং ফিগারটা ১০ --- ২ --- ৩০ --- ৪ এ গিয়ে ঠেকত না।
টেরেন্স ডাফিনকে (৩২) নিয়ে ১২৫ রানের ওপেনিং জুটি গড়ার পর ১০ উইকেটের জয়ের কথাই হয়ত ভাবছিল জিম্বাবুয়ে। কিন্তু ডাফিনের রান আউটে তা ভেস্তে যায়। পরে মাসাকাদজাও (৫) ফিরে গেছেন দ্রুত। ভুসিমুজি সিবান্দা ফিরেছেন অবশ্য দলকে জিতিয়েই। তবে তৃপ্তির সঙ্গে সঙ্গে একটা আফসোসও সম্ভবত ছিল তার। টার্গেট ১৫৪ না হয়ে আরো বেশি হলে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটাও যে পেয়ে যেতে পারতেন ৯৩ রানে অপরাজিত থাকা সিবান্দা।
