পরের ম্যাচ মিস করতে পারেন রফিক
হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পাশাপাশি আরেকটা খারাপ খবর আছে বাংলাদেশের। সম্ভবত পরের ম্যাচটা মিস করতে যাচ্ছেন মোহাম্মদ রফিক।
মঙ্গলবার চরম ব্যাটিং ব্যর্থতার মধ্যে তার ব্যাট থেকে সর্বোচ্চ ৪০ রান না আসলে হয়তো ১৫৩ ও করা হত না হাবিবুল বাশারের দলের। পরে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে এই বাহাতি স্পিনারকে হাসপাতালে যেতে হয়েছে। জিম্বাবুয়ের ব্যাটসম্যান ভুসিমুজি সিবান্দার সঙ্গে সংঘর্ষে নাকে আঘাত পান তিনি।
সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলীয় সূত্র অবশ্য জানিয়েছে এখন রফিক কিছূটা সুস্থ। কিন্তু তাতেও পরের ম্যাচ খেলতে না পারার শঙ্কাটা থেকেই যাচ্ছে।
