২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক্ষার পাঁচ বছর শেষ করে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

২০০২ বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে ফুটবলপ্রেমীদের মুখে মুখে ফিরছিল দুটো দলের নাম। এশিয়ায় অনুষ্ঠিত এক মাত্র বিশ্বকাপের কয়েক বছর আগে থেকে এই দল দুটো যেভাবে খেলছিল তাতে কেউ কেউ তো তাদের অনেক আগেই তুলে দিয়েছিলেন ফাইনালে। বহু ফুটবল ভক্তের সেই স্বপ্ন পূরণ হয়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ফাইনাল তো দূরের কথা ফ্রান্স--আর্জেন্টিনা প্রথম রাউন্ডের বাধাই পেরোতে পারেনি সেবার। তার পরে প্রায় ৫ বছর কেটে গেলেও এই দীর্ঘ সময়ে ফুটবল মাঠে ফ্রান্সের সঙ্গে আর দেখা হয়নি আর্জেন্টিনার। এই প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে বুধবার। প্যারিসের ‘স্টাডে ডি ফ্রান্স’--এ এ দিনই এক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দু দল।

অবশ্য গত ৫ বছরই শুধু নয়, দীর্ঘ দু দশক ধরেই কোনো লড়াই হয়নি ফ্রান্স--আর্জেন্টিনার। সেই ১৯৮৬তে অনুষ্ঠিত সর্বশেষ ম্যাচটিতে শেষ হাসি হেসেছিল ফরাসীরা। প্যারিসেই অনুষ্ঠিত সেই ম্যাচে ফ্রান্সের সবচেয়ে বড় তারকা মিশেল প্লাতিনি খেলেননি। তবু ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে ২-০ গোলে হারাতে সমস্যা হয়নি স্বাগতিকদের।

প্রায় ২১ বছর পর সেই ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে খুব একটা স্বস্তিতে নেই আর্জেন্টাইনরা। বিশ্বকাপের পর দায়িত্ব নেয়া আলফিও বাসিলের অধীনে খেলা দুটো ম্যাচেই হার মানতে হয়েছে ম্যারাডোনার দেশকে। তার একটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ০-৩ গোলের বড় ব্যবধানে। তার ক’ দিন পরই হুয়ান রিকুয়েলমের অবসরের সিদ্ধান্ত আরেকটা ধাক্কা দিয়েছে তাদেরকে। আর্জেন্টিনা--ভক্তদের জন্য একটা সুসংবাদ অবশ্য আছে। বিশ্বকাপে উপেক্ষিত অভিজ্ঞ ডিফেন্ডার হাভিয়ের জানেত্তিকে দলে ফিরিয়ে এনেছেন বাসিল। তবে ইনজুরির কারণে পাবলো আইমারকে দলের বাইরেই থাকতে হচ্ছে। আর সে কারণেই বুধবার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে রিয়াল মাদ্রিদের নতুন আবিষ্কার ফার্নান্দো গ্যাগোর। ম্যাচটা রবার্তো আয়ালার জন্যও স্মরণীয় হয়ে থাকবে। এই ম্যাচে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সি গায়ে রেকর্ড ম্যাচ খেলার (১০৭টি) অধিকারী হবেন এই সেন্ট্রাল ডিফেন্ডার।