আবার পেছালো বি. লিগ
সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশের প্রথম পেশাদার ফুটবল লিগ শুরু হওয়ার কথা ১৫ ফেব্র“য়ারিতে, কিন্তু এই তারিখেও হচ্ছে না। আবার নতুন তারিখ ঘোষণা করেছে বাফুফে, সে অনুযায়ী বি. লিগ শুরু হবে ২ মার্চ থেকে।
এর আগেও মাঠের অজুহাতে আটবার পিছিয়েছিল বি. লিগ। এবার লিগের ম্যানেজার আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “ক্লাবগুলোর অনুরোধ ও ইভেন্ট ম্যানেজারের কথা ভেবে লিগ পেছানোর সিদ্ধান্ত হয়েছে।” তার দাবি অনুযায়ী ঢাকার বাইরের তিনটি ক্লাব এবং ঢাকা মোহামেডান ও শেখ রাসেল লিগ পেছানোর আবেদন জাানিয়েছে।
ক্লাবগুলোর আবেদনের সঙ্গে সঙ্গে লিগের স্পন্সর ঠিক না হওয়াটাও লিগ পেছানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লিগের স্পন্সরের ব্যাপারে কোনো অগ্রগতি হয়েছে কিনা এ ব্যাপারে বাফুফে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। স্পন্সর খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের লেজার স্পোর্টস ম্যানেজমেন্টকে।
