২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় এবং ভালো খেলা দুটোই বাংলাদেশের লক্ষ্য

বাংলাদেশ আর হংকঙের দূরত্ব ৩৪। এই দূরত্ব মাপার একক মাইল বা কিলোমিটার নয়, ফিফা র্যাঙ্কিং ; তাতে বাংলাদেশ ৩৪ ধাপ পিছিয়ে আছে। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের ফলাফলেও হংকং অনেক এগিয়ে। স্বাভাবিকভাবেই শক্তিতেও এগিয়ে। কিন্তু এই এগিয়ে যাওয়া দলের সঙ্গে লড়ে ভাল ফুটবল উপহার দেওয়া এবং ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই বুধবার মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব--২৩ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫ টায় প্রাক অলিম্পিক বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে হংকঙের। এই ম্যাচের আগে নতুন করে তৈরি এই বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছে দুটিÑÑÑ ঢাকা মোহামেডান ও উলসান হুন্দাইয়ের সঙ্গে। কোনটাতে না জিতলেও বাংলাদেশ দলের কোচ আবু ইউসুফ আশাবাদী, “উলসানের সঙ্গে যে ম্যাচ খেলেছে তাতে ছেলেদের পারফরম্যান্স খারাপ ছিল না। তাদের ফিটনেস ভাল হয়েছে, কিছু কিছু খেলোয়াড়ের টেম্পারামেন্টের উন্নতি হয়েছে। বোঝা গেছে তারা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য উপযুক্ত। ”

উলসানের সঙ্গে ওই প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ  দু---গোলে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ৩---২ গোলে হেরেছে। সেটাকেই অনেকে ইতিবাচক মনে করছেন। কারণ গত মৌসুমে ঘরোয়া ফুটবল লিগ হয়নি, প্র্যাকটিসের জন্যও সময় পেয়েছে মাত্র এক মাস যার বেশিরভাগ সময়ই কেটেছে ফিটনেস ট্রেনিংয়ে। তবে কোরিয়ার এই ক্লাব দলের তুলনায় হংকংকে একটু দূর্বলই মনে করছেন বাংলাদেশের কোচ আবু ইউসুফ। হংকং দলের কোচ লাই সান চিয়াং কিন্তু নিজেদেরই ফেবারিট ভাবছেন, “প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। তবে আমরা জেতার জন্যই এসেছি।” গত বছর তিনিই এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য নিয়ে এসেছিলেন হংকং জাতীয় দলকে। যারা ঢাকায় ১--০ গোলে এবং নিজেদের মাঠে ২---০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। সেই স্মৃতিও তার মনে আছে ভালভাবেই। জাতীয় দলের ৫ জন খেলোয়াড় আছেন এই অলিম্পিক দলে। “দলটা তৈরি হচ্ছে কেবল। এখানে আসার আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছি গোয়াং ডঙের সঙ্গে। তাছাড়া ঘরোয়া লিগ চলছে বলে খেলোয়াড়দের পারফরম্যান্সও ভাল” -----বলেছেন হংকং কোচ।

সুতরাং হংকং ম্যাচ জেতার মতো তৈরি হয়েই এসেছে। কিন্তু  প্রতিপক্ষ বাংলাদেশও চায় ভাল খেলা উপহার দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে যেতে। দুইয়ে মিলে পাওয়া গেল একটি চমৎকার ম্যচের প্রতিশ্র“তি। এই ম্যাচ দেখার জন্য ভি আই পি গ্যালারির টিকেট ৫০ টাকা, পশ্চিম গ্যালারির টিকেটের দাম রাখা হয়েছে ২০ টাকা। তবে পূর্ব গ্যালারির সব টিকেট কিনে নিয়েছে ম্যাচের বানিজ্যিক স্বত্ত্ব কিনে নেওয়া গ্লোবাল বেভারেজ কোম্পানি এবং টিকেটগুলো ৩১ টি স্কুলের ছাত্রদের মধ্যে বিলি করেছে।