২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগ কি সৌরভের চেনানো পথ ধরতে পারবেন?

রাহুল দ্রাবিড় কিংবা সৌরভ গাঙ্গুলী নন।  শচীন টেন্ডুলকারের আকাশচুম্বী জনপ্রিয়তা ভূ-ভারতে যে একবার চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল সেটা তারই সুবাদে। অথচ  তুঙ্গ ছুয়ে আসা সেই বীরেন্দর শেবাগ আজ এমন সমতলে নেমে এসেছেন যে বিশ্বকাপে ভারতীয় একাদশে তার জায়গা নিয়েই সংশয়! ভাগ্য কখনো কখনো ক্রিকেট খেলোয়াড়দের এমনই খেলনা বানিয়ে ফেলে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 07:04 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

টেন্ডুলকার তার প্রিয় ব্যাটসম্যানই শুধু নন, এক জন আরাধ্য ‘দেবতা’ও। কৈশোর থেকেই তিনি টেন্ডুলকারের ব্যাটিংয়ের  ভক্ত। ভিডিওতে তার ব্যাটিং দেখা অবসর সময়ের প্রিয় একটা কাজও ছিল শেবাগের। সেই প্রিয় ব্যাটসম্যানটিকে পাশে নিয়েই ওয়ানডেতে দুর্ধর্ষ এক উদ্বোধনী জুটি গড়ে তুলেছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুতে তার ব্যাটিংয়ের ধরন নিয়ে অনেক ক্রিকেট পন্ডিত অবজ্ঞা প্রকাশ করলেও শেবাগ কিন্তু কখনোই সেটাতে পরিবর্তন আনেননি।

কিছু দিনের মধ্যেই প্রমাণ করেছেন তিনি ভারতীয় ক্রিকেটের ‘শহীদ আফ্রিদি’ হতে আসেননি, এসেছেন স্থায়ী রাজত্ব করতেই। আর এমন বিধ্বংসী খেলা খেলে স্থায়ী হয়ে যাওয়ার সবচেয়ে বড় উদারহণ যিনি, তার সঙ্গেই শুরু হয়ে গেলো শেবাগের তুলনা। হ্যাঁ! ভিভ রিচার্ডসের সঙ্গেই। স্বয়ং রিচার্ডসও শেবাগের মধ্যে নিজের খানিক মিল খুঁজে পান জানানোর পর ভারতীয় মিডিয়ায় শেবাগ কখনো কখনো টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন। অসংখ্য প্রতিভাবান ব্যাটসম্যানের জন্মভূমি হওয়া সত্ত্বেও ব্যাটিং নিয়েই একটা আক্ষেপ ছিল ভারতের। আক্ষেপটা টেস্ট ক্রিকেটে কোনো ট্রিপল সেঞ্চুরি না পাওয়ার।

২০০১ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে ভিভিএস লক্ষণ সেই আফসোস ঘোচানোর সম্ভাবনা জাগিয়েও আউট হয়ে যান ২৮১ রানে। তার তিন বছর পরে ভারতীয়দের সেই দুঃখ দূর হল শেবাগের মাধ্যমে। ২০০৪ এ পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে ‘বীরু’র ৩০৯ এখনো পর্যন্ত ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরি। এতটা না হলেও অভিষেকের পর থেকে একের পর এক কীর্তি গড়ার জন্যই ভারতীয় ক্রিকেটের ‘প্রায়-ঈশ্বর’ হয়ে ওঠা টেন্ডুলকারের জনপ্রিয়তাও একটা সময়ে চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল শেবাগের কাছে। টেন্ডুলকারের চেয়ে জনপ্রিয়, ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনীয়!  সে সব দিনের কথা মনে করে এখন তিনি দীর্ঘশ্বাস ফেলেন কি না কে জানে! সাফল্য আর জনপ্রিয়তা যে সব সময় হাত ধরাধরি করে চলে সে কথা তার চেয়ে ভাল আর কে বুঝতে পারবে।

বাজে ফর্মের জন্য দলের বাইরে চলে যাওয়ার দুঃখের সঙ্গে এখন বোধহয় আতঙ্কও যোগ হয়েছে তার মনে! ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে রবিন উথাপ্পার দারুণ ব্যাটিং দেখে একটুও কি আতঙ্কিত হননি শেবাগ? সেই সঙ্গে একটা হতাশাও এখন জেগে উঠতে পারে তার মনের অন্দরমহলে। যে ওপেনার হিসাবে আজ তার এত খ্যাতি শ্রীলঙ্কার বিপক্ষে সেই ভূমিকা পালন করার কোনো সুযোগ পাচ্ছেন না তিনি। দল ঘোষণার সময় ভারতের প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এই সিরিজে শেবাগকে খেলানো হবে মিডল অর্ডারে।

অর্থাৎ এই মুহূর্তে হতাশা-দুঃখ-যন্ত্রনার এক মিশ্র অনুভূতির ভেতর দিয়ে যেতে হচ্ছে টেস্ট ক্রিকেটে ভারতের এক মাত্র ট্রিপল সেঞ্চুরিয়ানকে। এই সিরিজটাতে তাই শুধু শ্রীলঙ্কার বোলাররাই নন, অদৃশ্য এক প্রতিপক্ষের সঙ্গেও লড়তে হবে শেবাগকে। সেই লড়াইয়ে জয়ের জন্য এক জনকে অনুপ্রেরণা হিসাবে পেতে পারেন ‘বীরু’। গ্রেগ চ্যাপেল-কিরণ মোরেদের উপহাসের পাত্র বানিয়ে সৌরভ গাঙ্গুলীর রাজসিক প্রত্যাবর্তনটাই এখন তার সামনে সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস। প্রিয় ‘দাদা’র শহরে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে কি গত কয়েক মাসের হতাশা-বঞ্চনা মুছে ফেলতে পারবেন শেবাগ?