ঘুরে দাঁড়ানো ইংল্যান্ডই অস্ট্রেলিয়ার ফাইনাল প্রতিপক্ষ
কে বলে ভোরের সূর্য দিনের শেষ কথা বলতে পারে? কথাটা ঠিক হলে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতো নিউজিল্যান্ড। আদতে তা হচ্ছে কই! তাদের ১৪ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে সেই ইংল্যান্ড চার দিন আগেও যারা পাততাড়ি গুটিয়ে দেশে ফেরার দিনক্ষণ ঠিক করে রেখেছিল।
টসে জিতে ব্যাট করতে নেমে মাইকেল ভন কোনো রান করার আগেই আউট ---- ্সকালে ইংল্যান্ডের শুরুটা ছিল এমন। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ৫ ম্যাচ পর দলে ফেরা ইংলিশ অধিনায়ক ড্রেসিংরুমে ফিরে যেতে না যেতেই ইয়ান বেলকেও ফিরিয়ে দেন শেন বন্ড। স্কোর ২ উইকেটে ২৮। এমন সকালও যে ইংল্যান্ডের জন্য রোদেলা দুপুর, ঝলমলে বিকেল নিয়ে এলো তাতে খানিকটা অবদান আছে জ্যাকব ওরামেরও! নিজের বলে ক্যাচ মিস করে এ সিরিজে দুর্দান্ত ব্যাট করা এই অলরাউন্ডার নতুন জীবন উপহার দেন পল কলিংউডকে। মাত্র ১৮ রানে ফিরে গেলে কলিংউড ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেতেন না , চতুর্থ উইকেটে তার আর স্ট্রাউসের (৫৫) ১৫৩ রানের জুটিটাও হতো না। আর তার সুবাদেই ৩ উইকেটে ৫২ নিয়ে শুরুতে ধুকতে থাকা ইংল্যান্ড শেষপর্যন্ত পৌছায় ৭ উইকেটে ২৭০---এ । শেন বন্ড ৪৬ রানে ৪ উইকেট না নিলে ইংল্যান্ড তিনশ’ও হয়তো ছাড়িয়ে যেত।
নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতে ২৭১ রানকে অবশ্য একেবারেই বড় চ্যালেঞ্জ মনে হয়নি। প্রথম ওভারেই ওয়াইড, নো বল মিলিয়ে প্লাঙ্কেট সেই যে ১১ রান দিয়ে দেন তারপর থেকে যেন হাওয়ায় উড়ছিল ব্ল্যাক ক্যাপসরা। লু ভিনসেন্ট (৩১) মন্টি পানেসারের শিকার হয়ে অধিনায়ক ফ্লেমিংকে ছেড়ে যাওয়ার সময় নিউজিল্যান্ডের স্কোর মাত্র ১৩.১ ওভারে ৮১। শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে ফ্লেমিং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি (১০৬) পেয়েছেন ঠিকই,তবে নিউজিল্যান্ড জয়ের দেখা পায়নি। শেষ দিকে প্লাঙ্কেট (৩/৬০), কলিংউড (২/৪৬), পানেসার (১/৩৮) আর ফ্লিনটফের (১/৩৭) বুদ্ধিদীপ্ত বোলিং (৮ উইকেটে) ২৫৬ রানে থামিয়ে দেয় ইংল্যান্ডকে।
