পারলেন না সৌরভ
জহীর খান আর অজিত আগারকার বাগড়া না দিলে পশ্চিমবঙ্গ জুড়ে হয়তো আনন্দের বন্যা বয়ে যেতো এখন। কিন্তু সেই সম্ভাবনা জাগিয়েও বাংলাকে রঞ্জি ট্রফি জেতাতে পারেননি সৌরভ গাঙ্গুলী। ফাইনালে বাংলাকে ১৩২ রানে হারিয়ে রেকর্ড ৩৭তম বারের মতো ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টটি জিতে নিয়েছে মুম্বাই।
শচীন টেন্ডুলকার (১০৫) আর ওয়াসিম জাফরের (১১২) সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৩২০ রান করেছিল মুম্বাই। জবাবে বরোদা ছেড়ে এই প্রথম মুম্বাইয়ের হয়ে খেলতে নামা জহীর খানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলা। ওই ইনিংসে মাত্র ৪০ রানে ৫ উইকেট পেয়েছিলেন জহীর। তার পাঁচ শিকারের একজন ছিলেন সৌরভ (০)।
দ্বিতীয় ইনিংসে জাফর (৫৩), টেন্ডুলকারেরা (৪৩) ভালো ফর্মের প্রমান রাখলে প্রথম ইনিংসের লিডের সঙ্গে ২৯৪ রান যোগ করে জয়ের জন্য বাংলাকে ৪৭২ রানের টার্গেট দেয় মুম্বাই। সৌরভ গাঙ্গুলীর ৯০ রানের চমৎকার এক ইনিংস সেই পাহাড়ের অনেক ওপরে নিয়ে গিয়েছিল। কিন্তু মাত্র ৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রানে অল আউট হয়ে যায় সৌরভের দল। ১১৯ রানে ৪ উইকেট নিয়ে বাংলার দ্বিতীয় রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন ভেঙ্গে দেন জহীর খান।
