২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আরো বড় পরিসরে স্কুল ক্রিকেট

অনেক ভালোর ভেতর খারাপ খবর একটাই। গতবার অংশ নিয়েছিল এমন ৫৩ টি স্কুল এবারের ‘ইয়াং টাইগার'দের টুর্নামেন্টে খেলছে না। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উত্তরোত্তর উন্নতির খবরই পরিবেশিত হল সোমবার বিকেলে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

 যেমন গতবারের ৫৩ টি স্কুল না খেললেও এবার নতুন এন্ট্রি করেছে ৫৭৭টি স্কুল। গতবার যেখানে অংশ নিয়েছিল ৩২৮টি শিক্ষা প্রতিষ্ঠান, ৮ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে সেই সংখ্যাটা প্রায় তিনগুণ, ৮৫২টি। গতবার খেলা হয়েছিল ৩৬  জেলায়। এবার পুরো বাংলাদেশেই হচ্ছে বলা যেত বাকি চারটি জেলাতেও ভেন্যু রাখতে পারলে। ৮৭ টি ভেন্যুতে ম্যাচের সংখ্যাও অবিশ্বাস্য। মোট ১৪২৮টি খেলা হবে এবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স শাহ মাসুদ ইমাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন, সদস্য সচিব আলী হোসেন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমান। অবশ্য স্কুল ক্রিকেটের স্পনসর হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে বিসিবির তিন বছর মেয়াদী চুক্তির প্যাকেজ মূল্য দেড় কোটি টাকা। চুক্তি অনুযায়ী প্রথম বছরে তারা বিসিবিকে দিয়েছিল ৪০ লাখ টাকা। এবার সেটা বেড়ে হচ্ছে ৫০ লাখ। এবং পরের আসরে ৬০ লাখ।