ভোলার মেয়েরাই ক্রিকেটে বাংলাদেশের সেরা
দুই অপরাজিত দল মুখোমুখি হয়েছিল ফাইনালে। আর প্রত্যাশামতোই দেশের প্রথম মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাকে ব্যাটে বলে দারুন জমিয়েও তুলেছিল ভোলা ও খুলনা। তা নয়তো কী! ম্যাচের নিষ্পত্তি হল ৩ বল বাকি থাকতে।
জমজমাট লড়াইয়ের পর ৫ উইকেটের জয় দিয়ে দেশের মহিলা ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নামটা লিখে নিল ভোলার মেয়েরা। সেই সঙ্গে জায়গা করে নিল ইতিহাসেও।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নামা খুলনা নির্ধারিত ২৮ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায়। এই আসরে অল্প বলে সেঞ্চুরি করে বাজিমাত করা সালমা খাতুন ছাড়া আর কেউ অবশ্য রান করতে পারেননি। ৫২ বলে ৪৯ রান করা সালমার ইনিংসে চারটি বাউন্ডারির পাশাপাশি একটি ছক্কাও ছিল। ‘প্লেয়ার অফ দি টুর্নামেন্ট’ পান্না ছাড়াও ভোলার পক্ষে দুটো করে উইকেট নেন সোহেলী। আর ‘প্লেয়ার অফ দি ফাইনাল’ চামেলীর অপরাজিত ৪৬ রানই আসলে ২৭ দশমিক ৩ ওভারে ভোলাকে দেখিয়েছে জয়ের পথ। এছাড়া অধিনায়ক মোনা ১৫ ও পান্না ১৪ রান করেন।
