২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিং অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার

গত এক বছরে খেলা ১০টি টেস্টে ৭৪ দশমিক ৩৩ গড়ে তার রান ১,১১৫। ওয়ানডেতেও রিকি পন্টিংয়ের ব্যাটে রানের ফুলঝুরি দেখা গেছে এই সময়টাতে। ২৩টি ওয়ানডেতে ৪৮ দশমিক ৪ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৯৬৮ রান। তাছাড়া তার অধিনায়কত্বেই ৭৫ বছর পর অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া, প্রথম বারের মতো জিতে নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 08:54 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এত সব যার অর্জন, অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটা তো তারই পাওয়ার কথা। অনুমিতভাবেই তাই ২০০৬-এর ‘অ্যালান বোর্ডার মেডেল’ অর্থাৎ অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন পন্টিং। স্বদেশের সেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারও  তিনিই। এর সঙ্গে ২০০৬-এ আইসিসি’র বর্ষসেরা সেরা ক্রিকেটারের পুরস্কারের আনন্দ তো আছেই। সব মিলিয়ে দারুণ একটা বছর কাটলো অস্ট্রেলিয়ার অধিনায়কের।

এর আগেও দু বার ‘অ্যালান বোর্ডার মেডেল’ পেয়েছিলেন পন্টিং। কিন্তু এবারের মতো খুশি বোধহয় আর কখনো হতে পারেননি। সেটাই স্বাভাবিক। এবার যে তিনটি পুরস্কারেরই অধিকারী তিনি! এমন একটা অর্জনের পর তাই পন্টিংয়ের উচ্ছ্বাস বাধ মানতে চায়নি কিছুতেই,“সবগুলো পুরস্কার জয় যেন আকাশে পৌঁছে দিচ্ছে আমাকে। আমার ক্রিকেট জীবনের এটাই সেরা বছর।”

বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়ে পন্টিংয়ের পেছনে থেকে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মাইক হাসি ও সদ্য ক্রিকেটকে বিদায় জানানো শেন ওয়ার্ন। এছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ার ওপেনার ক্রিস রজার্স ঘরোয়া ক্রিকেটের সেরা এবং তাসমানিয়ার পেসার বেন হিলফেনহস সেরা তরুণ ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছেন। আর ‘হল অফ ফেম’-এ জায়গা পেয়েছেন সাবেক অলরাউন্ডার ও এই সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার রিচি বেনো।