২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জেএফএ কাপ

অবশেষে তৃতীয় জেএফএ কাপ ফুটবল শুরু হচ্ছে। এবং যথারীথি বয়স---বির্তকের শংকা মাথায় নিয়েই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সূচী অনুযয়ী অনূর্ধ্ব---১৫ বছর বয়সী ফুটবলারদের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ২০০৬ সালে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যর্থতায় এর প্রথম পর্ব শুরু হচ্ছে ২০০৭ সালের ৭ ফেব্র“য়ারি থেকে। দেশের আটটি ভেন্যুতে ভাগ হয়ে খেলবে ৫৮ টি দল। ভেন্যুগুলো হচ্ছে কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, সিরাজগঞ্জ, শরিয়তপুর, নড়াইল, মানিকগঞ্জ ও নাটোর। এই আট ভেন্যুতে নক--আউট পদ্ধতিতে খেলার পর আট ভেন্যু চ্যাম্পিয়নকে নিয়ে  লিগভিত্তিক খেলা হবে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজকরা।

শুরু থেকেই এই টুর্নামেন্টের খরচ দিয়ে আসছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। এবারও দিচ্ছে প্রায় ১৭ লাখ টাকা। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রহিম জেএফএ’র উদ্ধৃতি দিয়েই বলেছেন, “ জেএফএ মনে করে তাদের আর্থিক সাহায্য বাফুফে ভালভাবেই কাজে লাগায়।” অনূর্ধ্ব---১৭ ও অনূর্ধ্ব---১৯ বছরের ফুটবলারদের এ টুর্নামেন্টের ফসল হিসেবে দাবি করেছেন তিনি।

কিন্তু প্রতিবারই সেই বয়স বির্তক! বেশি বয়সী ফুটবলার খেলানোর এই  ব্যাপারটায় তেমন লুকোছাপাও নেই। যে কারণে গ্রাম---গঞ্জ থেকে ক্ষুদে ফুটবল----প্রতিভা বের আনার মূল উদ্দেশ্য  ব্যাহত হয় বলেই ধারনা। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানও স্বীকার করেছেন, “বয়সের সমস্যাটা বড়, সবসময় প্রকৃত বয়স বের করা সম্ভব হয় না। সঠিক বয়স নির্ণয়ের কোনো বৈজ্ঞানিক ব্যবস্থা এখানে নেই বলেই আমাদের সমস্যায় পড়তে হয়। তাদের খুব কঠোরভাবে বলা হয়েছে সঠিক বয়সী ফুটবলার খেলানোর জন্য। তবে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।” বাফুফের বাধ্যবাধ্যকতা হচ্ছে, ২০০৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৫ বছরের বেশি নয় কেবল তারাই জেএফএ কাপে খেলার সুযোগ পাবেন। এরকম নিয়ম প্রতিবারই থাকে, কিন্তু থাকে না নিয়ম মানার কঠোরতা।

অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে ৯ হাজার টাকা করে দেওয়া হবে এবং প্রতি ম্যাচ জেতার জন্য বিজয়ী দল পাবে ৪ হাজার টাকা। আয়োজক সংস্থাকে দেওয়া হবে ৩০ হাজার টাকা। এছাড়া চূড়ান্ত পর্বে উন্নীত আট পাবে এককালীন ২৫ হাজার টাকা করে। বাফুফে ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক আজফার---উজ---জামান সোহরাব।