পাকিস্তান দলে ফিরছেন আজহার মেহমুদ
ইনজুরি সমস্যা পাকিস্তান দলের জন্য বড় সংকট হয়ে দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে। ক’দিন আগেই সমস্যা মেটাতে দেশ থেকে পাঠানো হয়েছিল সাব্বির আহমেদকে। এবার খুঁজে নিতে হচ্ছে তারই বিকল্প! ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচের জন্য সাব্বির আহমেদের জায়গায় অলরাউন্ডার আজহার মেহমুদকে ডেকেছে পাকিস্তান।
টেস্ট সিরিজের পর ইনজুরির জন্য দেশে ফেরত পাঠাতে হয়েছিল শোয়েব আখতার আর উমর গুলকে। দুজন ফাস্ট বোলার হারানোর ক্ষতি পোশাতে ইনজামামের দল সাব্বিরকে এনে খেলাতে পেরেছে মাত্র এক ম্যাচ। দক্ষিণ আফ্রিকা সফরের একমাত্র টুয়েন্টি --- টুয়েন্টি ম্যাচটিতে তার উপস্থিতি ভালো কিছু উপহার তো দেয়ইনি, উল্টো ১০ উইকেটের পরাজয়ের সঙ্গে যোগ হয়েছে তারই গ্রয়েন ইনজুরি। তাই প্রথম ওয়ানডেতে ১৬৪ রানে হারার পর সাব্বিরের জায়গায় আজহার মেহমুদকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
২০০৫ সালের ফেব্র“য়ারির পর থেকে পাকিস্তানের হয়ে খেলেননি আজহার মেহমুদ। বিশ্বকাপের প্রাথমিক দলেও রাখা হয়নি তাকে। চরম ইনজুরি সঙ্কটের জন্য তাকে সুযোগ দিতে হলেও পিসিবির মিডিয়া ডিরেক্টর এহসান মানি কারণ হিসেবে বলেছেন মেহমুদের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা,“ আজহার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলছে। পাকিস্তান দলে ফেরার জন্য খুবই উদগ্রীব হয়ে আছে ও। তাই ওকে সুযোগ দেওয়া হলো।” পিসিবি ভিসার ব্যবস্থা করতে পারলে মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা আজহার মেহমুদের।
