অস্ট্রেলিয়ার নতুন কোচ টিম নিয়েলসেন
গ্লেন ম্যাকগ্রা বিশ্বকাপের পর আর ওয়ানডেও খেলবেন না। এর বাইরে আরেকটা দুশ্চিন্তাও ছিল অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের পর জন বুকাননকেও তো হারাতে যাচ্ছে অস্ট্রেলিয়া! তাই অস্ট্রেলিয়ার কোচ হিসেবে তার উত্তরসুরী কে হতে যাচেছন ---- এ নিয়ে একটা কৌতুহল ছিলই। সে কৌতুহলের অবসান ঘটিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার নতুন কোচের নাম টিম নিয়েলসেন। বিশ্বকাপ ২০০৭ --- এর পর অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব নেবেন ২০০২-০৫ পর্যন্ত অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করা নিয়েলসেন।
সিএ খানিকটা সময় নিয়ে বুকাননের উত্তরসুরী হিসেবে এমন একজনের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়ার বাইরে যার খুব একটা পরিচিতি নেই। তবে অস্ট্রেলিয়ায় তাকে চেনেন না এমন ক্রিকেটামোদীও খুঁজে পাওয়া কঠিন। ১৯৬৮ সালে লন্ডনে জন্ম নেওয়া এই ভদ্রলোক ছিলেন সাউদার্ন অস্ট্রেলিয়ার উইকেটকিপার --- ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্য দলের সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটি এখনো তার দখলে। ব্যাটসম্যান হিসেবেও খুব খারাপ ছিলেন না। ১০১টি প্রথম শ্রেনীর ম্যাচে চারটি সেঞ্চুরি ও ১৫টি ফিফটিসহ ২৬.০৬ গড়ে ৩৮০৫ রান করেছেন তিনি। নিয়েলসেন ক্রিকেটার জীবনে ইতি টেনে গ্রেগ চ্যাপেলের সহকারি হিসেবে সাউদার্ন অস্ট্রেলিয়া দলের কোচিংয়ে যোগ দেন ১৯৯৯ সালে। ২০০২ সালে পেয়ে যান সহকারি কোচ হিসেবে অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করার সুযোগ। তখনো প্রধান কোচের দায়িত্বে ছিলেন জন বুকানন। তিন বছর এ দায়িত্বে থাকার পর ২০০৫ সালে নিয়েলসেন পেয়ে যান সিএ --- এর সেন্টার অব এক্সেলেন্স --- এর প্রধান কোচের দায়িত্ব। সোমবার সিএ সিদ্ধান্ত চূড়ান্ত করায় বিশ্বকাপের পর রিকি পন্টিংদের কোচ হওয়ার সুযোগও এসে গেল।
বুকাননের হাত ধরে সেই ১৯৯৯ সালে সাফল্যের নতুন নতুন শিখরে আরোহন করা শুরু করে অস্ট্রেলিয়া। এ সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্যের কথা বলতে গেলে আগেই বলতে হবে ২০০৩ বিশ্বকাপ জয় আর টেস্ট ও ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়ার কথা। আগামী বিশ্বকাপের পর নিয়েলসেন কি পারবেন সাফল্যের এই ধারা বজায় রাখতে? নিয়েলসেনের ওপর এ আস্থাটুকু পুরোপুরিই আছে বুকাননের,“অস্ট্রেলিয়া ক্রিকেট, (অস্ট্রেলিয়া) দল আর কোচিং পেশার জন্যই এটা দারুণ এক সিদ্ধান্ত। অধিনায়কের সঙ্গে মিলে অস্ট্রেলিয়া দলকে ভবিষ্যতে আরো এগিয়ে নেওয়ার কাজে ও (নিয়েলসেন) সত্যিকার অর্থেই আদর্শ।”
নিয়েলসেনকে কোচ হিসেবে পাচ্ছেন জেনে রিকি পন্টিংও খুশি,“ আমি তো ওর সঙ্গে খেলেছি। পরে যখন অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলো , তখন একসঙ্গে কাজও করেছি। আমাদের মধ্যে চমৎকার সহকর্মীর সম্পর্ক আগে থেকেই রয়েছে। এখন আমি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো তাকে নিয়ে মোকাবেলা করার অপেক্ষায় আছি।”
বুকানন আর পন্টিং তার ব্যাপারে আস্থা রেখেছেন ঠিকই, তবে টিম নিয়েলসেন জানেন কী কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে,“ জন বুকাননের স্থলাভিষিক্ত হওয়া খুবই বড় ব্যাপার। কোচিংয়ের মশালটা ওর হাতে বিশ্বময় আলো ছড়াচেছ। রেকর্ডই ওর পক্ষে কথা বলে।”
