২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার হেরেছে রিয়াল, জিততে পারেনি বার্সেলোনাও

“চুক্তির শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকতে চাই আমি। তবে দর্র্শকদের সমালোচনাও পুরোপুরি যৌক্তিক। সব সময়ই বলে এসেছি যে এ মৌসুমে অন্তত বড় একটা শিরোপা জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী আমি”Ñফ্যাবিও ক্যাপেলোর কথাতেই পরিষ্কার, এ মুহূর্তে খুব একটা স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ বলেই এ মৌসুমের শুরুতে তাকে কোচের দায়িত্ব দিয়েছে সমস্যাগ্রস্থ রিয়াল মাদ্রিদ। কিন্তু গত তিন মৌসুম শিরোপাবিহীন থাকা ক্যাপেলো রিয়ালের দুর্দশার মেঘ সরাতে পারছেন না। ব্যর্থতার বৃত্তের ভেতরে আটকে পড়া স্পেনের সফলতম ক্লাবটি সর্বশেষ লজ্জা পেল রোববার রাতে, স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র নিচের দিকে থাকা লেভেন্তের কাছে ০-১ গোলে হেরে। এবং সেই পরাজয়টাও আবার নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। চিরপ্রতিদ্বন্দ্বীদের দুঃখজাগানিয়া রাতে বার্সেলোনাও জয়ের হাসি হাসতে পারেনি। প্রতিপক্ষের মাঠে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ইনজুরি কাটিয়ে চার মাস পর মাঠে নামা স্যামুয়েল এ’তো-ও কিছু করতে পারেননি এই ম্যাচে।

হোঁচট খেলেও শীর্ষ স্থানটা অবশ্য অক্ষুন্নই রয়েছে ‘বার্সা’র। কারণ দ্বিতীয় স্থানে থাকা সেভিয়াও জিততে পারেনি, গোলশূন্য ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। ফলে বার্সেলোনার সঙ্গে সেভিয়ার পয়েন্টের ব্যবধান ১-ই রয়ে গেল। ২১ রাউন্ড শেষে দু দলের পয়েন্ট ৪৩ ও ৪২। ৩৯ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়ার অবস্থান তৃতীয়। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পরের স্থানটিতে রিয়াল মাদ্রিদ।

স্পেনের দুই ‘জায়ান্ট’-এর জন্য রোববার ভাল না কাটলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড বিশাল এক জয় পেয়েছে এ দিন। টটেনহাম হটস্পারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ‘রেড ডেভিল’ দের চার গোলদাতা দারুণ ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো, নেমানিয়া ভিদিচ, পল স্কলস ও রায়ান গিগস। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা চেলসির সঙ্গে ম্যানইউ’র ব্যবধান রয়ে গেলো ৬ পয়েন্টই (৬৩ ও ৫৭ পয়েন্ট)। ৫০ ও ৪৬ পয়েন্ট নিয়ে লিভারপুল ও আর্সেনালের অবস্থান তৃতীয় ও চতুর্থ।

জিনেদিন জিদান অবসরে, রোনালদোর নতুন ঠিকানা এসি মিলান, আগামী মৌসুম থেকে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ডেভিড বেকহামকে মাঠে নামাতে একদমই রাজি নন ক্যাপেলো। রিয়ালের বর্তমান দলটাতে তাই তরুণ, প্রতিশ্রুতিশীল ফুটবলারদের ভীড়। কিন্তু তারাও দলকে উজ্জীবিত করতে পারছেন না। শুরুতে পেনাল্টি গোলে পিছিয়ে পড়া রিয়াল ম্যাচে আর ফিরতেই পারেনি শেষ পর্যন্ত। তাই প্রায় পুরোটা সময় ধরে ভক্তদের দুয়ো শুনতে হয়েছে তাদের। ভক্তদের অবশ্য দোষ দেওয়াও যায় না। শেষ ৬ ম্যাচে এটা তাদের চতুর্থ পরাজয়। এবং লেভেন্তের কাছে এর আগে কখনোই হারেনি তারা।

বার্সেলোনার ম্যাচে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক জনই Ñ স্যামুয়েল এ’তো । কিন্তু স্প্যানিশ লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পক্ষেও কিছু করা সম্ভব হয়নি। তিনি অবশ্য মাঠে নেমেছেন ৮৫ মিনিটের সময়, ডেকোর বদলি হিসাবে। মাঠে নামতে পারাটা তার কাছে এতো বড় ঘটনা যে ম্যাচ হেরে গেলেও তার গলায় স্বস্তিটাই আগে,‘সময়টা যেন কাটতেই চাইছিল না! আমার পায়ের সেই আগের অবস্থা ফিরে পেতে এক বছরও লাগতে পারে। তবে তার মানে এই নয় যে আমি ভাল খেলতে পারবো না।’