কলাবাগানের আপত্তিতে ম্যাচ শেষ হলো অন্যভাবে
নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে রোববার কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে এক পর্যায়ে একটি দলের খেলতে অস্বীকৃতি জানানোর ঘটনা ঘটেছে। সেই দল কলাবাগান।
ইন্দিরা রোডের ৯ উইকেটে তোলা ২১২ রান তাড়া করতে নামা কলাবাগান ৪৪ দশমিক ২ ওভারে ১৭৫ রানে তাদের নবম উইকেট হারায়। আর তখনই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তারা খেলতে অস্বীকৃতি জানায়। এবং মাঠ ছেড়ে বেরিয়ে আসে। নিয়মানুযায়ী পুরো ২ পয়েন্টই পাওয়ার কথা ইন্দিরা রোডের। কিন্তু স্কোরকার্ডে শুধু কলাবাগানের খেলতে অস্বীকৃতি জানানোর কথাই লেখা ছিল। এ বিষয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির সদস্য সচিব সয়লাব হোসেন টুটুল বলেছেন, “ ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সিসিডিএম। রিপোর্টে মাঠে কী ঘটেছিল, ঘটনার জন্য দায়ীদের কী কী শাস্তি দেওয়া যেতে পারে এসবের উল্লেখ থাকার কথা। তাই ওই রিপোর্ট দেখেই করনীয় স্থির করবে সিসিডিএম।”
