২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানের পাহাড়ে চাপা পড়েছে পাকিস্তান

টুয়েন্টি --- টুয়েন্টি ম্যাচের দুঃস্বপ্ন ভুলতে না ভুলতে আবার দুঃস্বপ্নের এক ম্যাচ শেষ করল পাকিস্তান। এমন ম্যাচ স্বপ্নে খেললেই ভালো লাগতো ইনজামামের দলের। কিন্তু এ যে কঠিন বাস্তব! পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও ছুঁতে চলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই লজ্জা এড়িয়েছেন শোয়েব মালিক (৫২*) , মোহাম্মদ সামি (৪৬)। তবে শেষ পর্যন্ত যা হয়েছে তা -- ও  কম লজ্জার নয়। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ৩৯২ রানের জবাবে মাত্র ২২৮ রানে অল আউট হয়েছে পাকিস্তান। ১৬৪ রানের পরাজয়ও কি কম কিছু!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 06:15 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

টসে হেরে ব্যাট করার সুযোগটা ভালোই কাজে লাগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স (৭৮ বলে ৬৭), স্মিথ (৪৭ বলে ৭২), বাউচার (৩৮ বলে ৭৮) আর ক্যালিসের (৮৫ বলে অপরাজিত ৮৮) ঝড়ো ফিফটির সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৯২ রান তুলে জয় একরকম নিশ্চিতই করে ফেলেছিল তারা। জিততে হলে প্রায় অসম্ভবকে সম্ভব করতে হতো পাকিস্তানের ব্যাটসম্যানদের।

ইনিংসের শুরু থেকেই অধিনায়ক গ্রায়েম স্মিথ আর ডি ভিলিয়ার্স তান্ডব চালান সামি, রানা নাভিদদের বিপক্ষে । রানা নাভিদের দ্বিতীয় স্পেলের প্রথম ওভার থেকে স্মিথের ৬ টি চার আর দুটি ওয়াইড ও একটি নো বল মিলিয়ে ২৭ রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে মোহাম্মদ হাফিজের বলে স্মিথ কট বিহাইন্ড হলে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, তবে ততক্ষণে ১৮.২ ওভারে হয়ে গেছে ১৪০ রান! সেই ওভারে বসম্যান (৪) এবং একটু পরে ডি ভিলিয়ার্সও আউট। বিনা উইকেটে ১৪০ থেকে স্কোর তখন ৩ উইকেটে ১৬৭। এভাবে ঝটপট তিন উইকেট তুলেও  ম্যাচে ফিরতে পারেনি  পাকিস্তান। বরং বাউচার, ক্যালিসদের ঝড় অব্যাহত থাকায় জয় সুনিশ্চিত ভাবার মতো স্কোরই হয়ে যায়। ৯.২ ওভারে ৫০, ১৬ ওভারে ১০০, ২১.৩ ওভারে ১৫০, ৩০.৪ ওভারে ২০০, ৪০.৫ ওভারে ২৫০, ৪৪.২ ওভারে ৩০০ আর ৪৬.৫ ওভারে ৩৫০ ---- দক্ষিণ আফ্রিকার মাইলফলগুলোতে পৌঁছানোর হিসেব দেখলেই বোঝা যায় কী ঝড় গেছে বোলারদের ওপর দিয়ে!

সেই তুলনায় পাকিস্তানের শুরুটাই হয়েছে জঘন্য। অবশ্য ওভার প্রতি রানের হিসেবটা খুব খারাপ ছিল না হাফিজ (২১) দলকে  ২৭ রানে রেখে এনটিনির বলে স্মিথকে ক্যাচ দেওয়ার সময়েও। তখন তো মাত্র ৩.২ ওভার শেষ। কিন্তু তারপর কামরান আকমল (১৩), শহীদ আফ্রিদি (১৭) ও ইউনিস খান (১৩) নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারায় ৭০ রানে ৪ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে শুরু করে পাকিস্তান। মোহাম্মদ ইউসুফকে নিয়ে বেপরোয়া একটা চেষ্টা চালাতে চেয়েছিলেন ইনজামাম। তাতেও লাভ হয়নি। ইউসুফ ২৫ বলে ১৩৯ আর ইনজামাম ১৮ বলে ১৫ ---- এইটুকু দিয়ে ৩৯৩ রানের লক্ষ্যের দিকে দু কদমও তো এগোনো যায় না। এই দুজনের বিদায়ের কিছুক্ষণের মধ্যে ১২৫ রানে ৮ উইকেট হারিয়ে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাবধানের পরাজয়ের দিকেই এগোচ্ছিল পাকিস্তান। নবম উইকেটে শোয়েব মালিক --- মোহাম্মদ সামির ৭৩ রানের জুটি সেই লজ্জা থেকে বাঁচিয়েছে।

  িি.িপৎরপরহভড়.পড়স ---- এর সহায়তায়