জিতেই চলেছে আবাহনী
অপরাজিত ১১২, ৮৯ এবং অপরাজিত ১০০। কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানই হয়ে উঠতে চলেছেন রাজিন সালেহ। অথচ লিগের শুরু থেকেই এমন ফর্মে থাকলে জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল গঠনের সময় হয়তো কেবল বিবেচনা পর্যন্ত এসেই ঠেকে যেত না তার নাম।
অবশ্য সেঞ্চুরির সুখটা পুরোপুরি উপভোগ করতে না পারাও আপাতত জাতীয় দলের সাবেক এই ওপেনারের নিয়তি হয়ে আছে। অপরাজিত ১১২ রানের ইনিংসটা বিফলে গিয়েছিল ইয়াং পেগাসাসের কাছে তার দল পারটেক্সের হারে। রোববার অপরাজিত ১০০ রানের ইনিংসের অবস্থাও তাই। এবার অবশ্য সামনে ছিল প্রবল প্রতিপক্ষ আবাহনী। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নবাগত পারটেক্সকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরো সুসংহত করেছে ধানমন্ডির ক্লাবটি। টানা নবম জয়ে তাদের পয়েন্ট এখন ১৮। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান ও ভিক্টোরিয়ার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৪ পয়েন্টের। ওদিকে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নয় ম্যাচে সপ্তম হারের মুখ দেখেছে বছরখানেক আগেও বড় দলের মর্যাদা পেয়ে আসা সিটি ক্লাব। তাদের ৭ উইকেটে হারানো ইয়াং পেগাসাসের এটা চতুর্থ জয়।
৪৮ ওভারে নির্ধারিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা পারটেক্সের ইনিংসে প্রথম এবং শেষ উল্লেখযোগ্য দিক রাজিনের সেঞ্চুরিটাই। তার ১২৮ বলের ইনিংসে ৯টি বাউন্ডারির পাশাপাশি একটি ছক্কার মারও ছিল। তার ১০০ র পরে পারটেক্সের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ১৮! তারা ৭ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান। এরপর আবাহনীকে ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে দেয় নাজিমউদ্দিনের ব্যাটিং। ৪৭ রানে ২ উইকেট হারানোর পর নাঈম ইসলামকে (৫৭) নিয়ে তৃতীয় উইকেটে ১০৮ রান যোগ করা নাজিম ৮৪ রানে অপরাজিত ছিলেন।
তার মতো দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন ইয়াং পেগাসাসের ওপেনার রবিউল করিম। রাজিনের মতো যন্ত্রনাতেও পুড়তে হয়নি তাকে। দলের জয় দিয়েই সেঞ্চুরি উদযাপন করেছেন তিনি। যদিও অল্পের জন্য সেঞ্চুরি পাননি সিটি ক্লাবের মোস্তাফিজুর রহমানও। তবে মাত্র ২৪ রানে ৩ উইকেট হারানো সিটি ক্লাবের ২৫৯ রানের ভিত তার ৯৪ রানের ইনিংসেই গঠিত। চতুর্থ উইকেটে ইশরাক সনেটকে (৬৩) নিয়ে ১৫৫ রানও যোগ করেছেন। তবে প্রতিপক্ষের বড় সংগ্রহ ইয়াং পেগাসাস অনায়াসেই টপকে গেছে অধিনায়ক লালমোহন (৬৬) এবং মারুফ রেজা সানিও (৫৯) রবিউলকে যোগ্য সঙ্গ দেয়ায়। ৩৪ বল বাকী থাকতে জেতার সময় রবিউলের নামের পাশে অপরাজিত ১২৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
টস : আবাহনী
পারটেক্স : ৪৮ ওভারে ১৯১/৭ ( রাজিন সালেহ অপরাজিত ১০০, মিজানুর ১৮, রাশেদ ১৮, হাসান অপরাজিত ১৮, অতিরিক্ত ১৯, তালহা ৩/৪৩, সোহরাওয়ার্দী ২/৩৯, মাঞ্জারুল ১/২২, ফার্নান্ডো ১/২৭)
আবাহনী : ৪৬ দশমিক ৫ ওভারে ১৯৪/৬ ( জহুরুল ১, কুন্তল ১৭, নাজিমউদ্দিন অপরাজিত ৮৪, নাঈম ৫৭, মাসুদ ১, ফার্নান্ডো ৭, সোহরাওয়ার্দী ২, জিয়াউর অপরাজিত ৭, অতিরিক্ত ১৮, রেজাউল ৩/৩৮, শরীফ ২/৩৩, রাশেদ ১/৩২)
ফল : আবাহনী ৪ উইকেটে জয়ী।
ম্যান অফ দি ম্যাচ : নাজিমউদ্দিন (আবাহনী)।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম
টস : ইয়াং পেগাসাস
সিটি ক্লাব : ৪৯ দশমিক ২ ওভারে ২৫৯/১০ ( মোস্তাফিজুর ৯৪, সনেট ৬৩, মার্তুজা ৩২, ফরিদ ১৮, অতিরিক্ত ১৮, দেলোয়ার ৩/৪৪, শরীফুল্লাহ ৪/৪৭, কামাল ১/৩৭, তমাল ১/২২, লালমোহন ১/৪৫)
ইয়াং পেগাসাস : ৪৪ দশমিক ২ ওভারে ২৬০/৩ ( রবিউল করিম অপরাজিত ১২৩, লালমোহন ৬৬, মারুফ রেজা সানি ৫৯, তারেক ১/৫৫, মার্তুজা ১/৫২, মাজহারুল ১/৩৭)
ফল : ইয়াং পেগাসাস ৭ উইকেটে জয়ী।
ম্যান অফ দি ম্যাচ : রবিউল করিম ( ইয়াং পেগাসাস)।
