মোহামেডান জিতলেও হেরেছে ডিওএইচএস ও সোনারগাঁও
বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস এবং রানার্স আপ সোনারগাঁও ক্রিকেটার্স কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগে আবারো হেরেছে। ডিওএইচএস হেরেছে মোহামেডানের কাছে। তবে সোনারগাঁও --এর হারটা একেবারেই অপ্রত্যাশিত। অঘটনও বলা যায়। কেননা এবার লিগে রীতিমতো হারের প্রতিশব্দ হয়ে যাওয়া ব্রাদার্স ইউনিয়ন এই প্রথম জয়ের স্বাদ নিল তাদেরকে হারিয়েই।
নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে শনিবার ভারতীয় ক্রিকেটার সন্দ্বীপ শর্মার অল রাউন্ড পারফরম্যান্স ডিওএইচএসের বিপক্ষে মোহামেডানকে এনে দিয়েছে ১৭ রানের জয়। বিকেএসপিতে অনুষ্ঠিত অন্য ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুযায়ী ব্রাদার্স জিতেছে ১০ রানে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আরেক ম্যাচে বিমানের বিপক্ষে ৭ উইকেটের অনায়াস জয় পেয়েছে ভিক্টোরিয়া।
মোহামেডান ও ভিক্টোরিয়া, দু’দলেরই এটা নয় ম্যাচে সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা এখন যৌথভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। আট ম্যাচের সবকটাতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে আবাহনী। নয় ম্যাচে টানা দ্বিতীয় হারে সোনারগাঁও --এর পয়েন্ট এখন ১২। আর ডিওএইচএসের অবস্থা আরো খারাপ। ১০ পয়েন্ট নিয়ে টানা তিন ম্যাচে হারা এই দলটা শিরোপার লড়াই থেকে ক্রমেই পিছিয়ে পড়ছে।
মোহামেডান --- ডিওএইচএস
ঘন কুয়াশার কারণে ৫০ ওভারের ম্যাচকে ছোট করে দেওয়াটা এখন প্রিমিয়ার ক্রিকেটে নিয়মিত ব্যাপার। শনিবারও তার ব্যাতিক্রম হয়নি। তিন ঘন্টা বিলম্বে শুরু হওয়ায় ২৬ ওভারে নির্ধারিত ম্যাচে মোহামেডান ৫ উইকেটে তুলেছিল ২২১ রান। এই রান তাড়া করতে নেমে ডিওএইচএস নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে তুলতে পারে ২০৪ রান।
ওপেনার রাশেদুল হক এবং সন্দ্বীপ শর্মার ব্যাটিং তান্ডবেই স্কোরবোর্ডে দুইশ’র বেশি জমা করে ফেলে মোহামেডান। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১৪০ রান। রাশেদুলের ফিরতি ক্যাচ নিয়ে এই জুটি ভাঙ্গেন খালেদ মাহমুদ। এর আগেই ১০ বাউন্ডারি ও চার ছক্কায় ৬৬ বলে ৮৯ রানের ঝড় বয়ে গেছে ডিওএইচএসের বোলারদের ওপর দিয়ে। তার মতো সেঞ্চুরি থেকে খুব দূরে ছিলেন না সন্দ্বীপও। ম্যাচে চ্যাম্পিয়নদের সেরা বোলার (৩/৫০) বাঁ -- হাতি স্পিনার নাবিল সামাদকে ক্যাচ দিয়ে ফেরার আগে মাত্র ৬৪ বলে ৮৬ রান করে যান তিনি। নয়টি বাউন্ডারির পাশে তিনটি ছক্কাও ছিল তার ইনিংসে।
এরপর বোলিংয়েও ২৬ রানে ৩ উইকেট নেয়ায় সন্দ্বীপের ম্যাচের সেরা হওয়া নিয়ে কোনো সংশয়ই থাকেনি। এর মধ্যে ২৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়ে ৫০ রান করে ডিওএইচএসকে জয়ের স্বপ্ন দেখানো ডলার মাহমুদও আছেন সন্দ্বীপের শিকার তালিকায়।
সোনারগাঁও --- ব্রাদার্স
টানা আট ম্যাচে হারা ব্রাদার্স আগে ব্যাট করতে নেমে ২৯ ওভারে ৮ উইকেটে তোলে ১৭৪ রান। এর মধ্যে ইমরান আহমেদের ৭৪ রানই সর্বোচ্চ। এরপর সোনারগাঁও ২৬ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান তোলার পর আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুযায়ী বিজয়ী ঘোষনা করা হয় ব্রাদার্সকে।
ভিক্টোরিয়া --- বিমান
৩৭ ওভারের ম্যাচে আগে ব্যাট করার সুযোগ পাওয়া বিমান ৬ উইকেটে ১৮৯ রান তোলে। পাকিস্তানি ক্রিকেটার জহুর এলাহীর ৬৯ বলে ৭৭ রানের ইনিংসটাই রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। জবাব দিতে নামা ভিক্টোরিয়া ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। সেখান থেকে গোলাম মাবুদ ( ৮৬ বলে অপরাজিত ৮১) এবং মাহমুদুল্লাহ রিয়াদের (৬২ বলে অপরাজিত ৬৪) অবিচ্ছিন্ন জুটি ৩৪ দশমিক ৩ ওভারেই ভিক্টোরিয়াকে চিনিয়ে দেয় জয়ের পথ।
