বিশ্বকাপে থাকবেন তো সাইমন্ডস?
হঠাৎই খানিকটা দুশ্চিন্তায় পড়েছেন রিকি পন্টিং। দুশ্চিন্তার কারণ অ্যান্ড্রু সাইমন্ডসের ইনজুরি। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাইসেপে ব্যাথা শুরু হওয়ায় এক পর্যায়ে মাঠ ছাড়তে বাধ্য হন সাইমন্ডস। পরে স্ক্যান রিপোর্টে জানা গেছে ইনজুরিটা মোটেই হেলা --- ফেলা করার মতো নয়। অস্ত্রোপচার করাতেই হবে। এবং অস্ত্রোপচারের পরও পুরোপুরি সেরে উঠে বিশ্বকাপটা খেলতে পারবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। অ্যান্ড্রু সাইমন্ডসের মতো খেলোয়াড়কে বিশ্বকাপে মিস করার আশঙ্কা দেখা দিলে অধিনায়কের দুশ্চিন্তা তো হবেই। বিশ্বসেরা অস্ট্রেলিয়ার ওয়ানডে দলেও সাইমন্ডস তো সাইমন্ডসই।
২০০৩ বিশ্বকাপের অস্ট্রেলিয়া --- পাকিস্তান ম্যাচ মনে থাকলে এ কথা না মেনে কেউ পারবেন না। অসাধারণ এক সেঞ্চুরি করে সাইমন্ডস যে অস্ট্রেলিয়াকে হারা ম্যাচ জিতিয়েছিলেন তা আসলেই ভোলার নয়। এবার তো ওয়ার্ন, ড্যামিয়েন মার্টিনরা নেই, তাই তার মতো ক্রিকেটারকে অস্ট্রেলিয়া দলে একটু বেশিই দরকার। অবশ্য এমন নয় যে সাইমন্ডস বিশ্বকাপ মিস করবেন --- এ কথা এখনই কেউ বলে দিয়েছেন। তবে এটা নিশ্চিত যে, চলতি ত্রিদেশীয় সিরিজ এবং তারপর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া -- ন্উিজিল্যান্ড ওয়ানডে সিরিজ তার খেলা হচেছ না। এমনকি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সে বিষয়েও খানিকটা সংশয় প্রকাশ পেয়েছে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক ট্রেফর জেমস --- এর কথায়,“অস্ত্রোপচারের পর ওকে (সাইমন্ডস) নিবিড় ফিজিওথেরাপি নিতে হবে। তাই অবস্থার উন্নতি কত দ্রুত হয় তার ওপরই নির্ভর করছে ওর ক্রিকেটে ফেরা।” সাইমন্ডসকে অপারেশন থিয়েটারে যেতে হবে রোববার। তারপর শুরু হবে ক্রিকেটে ফেরার আসল লড়াই।
অ্যান্ড্রু সাইমন্ডস নিজে অবশ্য বিশ্বকাপের আগে সেরে ওঠার ব্যাপারে খুব আশাবাদী। তার আশাবাদী হওয়ার কারণও আছে, “ আমার ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী,কারণ, (ইনজুরি থেকে) আমি সাধারনত খুব তাড়াতাড়িই সেরে উঠি। কব্জির ইনজুরি থেকে আমি প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠেছিলাম। ক্রিকেটে যত তাড়াতাড়ি সম্ভব ফেরার জন্য আমি যা দরকার তা--- ই করবো।”
