২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাগবি এখন বাংলাদেশেও

টেলিভিশনের সূত্রে রাগবি’র সঙ্গে বাংলাদেশের মানুষের ছিটেফোঁটা পরিচয় আছে। কিন্তু কজন মাকুর মতো বলটি নিয়ে মারামারি কিংবা কাড়াকাড়ি করার খেলাটা উপভোগ করে তা নিয়ে সংশয় আছে। অথচ এমন খেলা দেশে চালু করার জন্যই জন্ম হয়েছে জাতীয় ক্রীড়া ফেডারেশনের মতোই আরেকটি সংগঠন --- বাংলাদেশ রাগবি অ্যাসোসিয়েশন, যদিও তা এখনো অনুমোদন করেনি জাতীয় ক্রীড়া পরিষদ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এ মাসেই খেলাটির সঙ্গে ব্যাপকভাবে পরিচয় করানোর উদ্যেগ নিয়েছে তারা। প্রথমবারের মতোই দেশে রাগবি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে, যদিও ভেন্যু কোথায় হবে তা নিশ্চিত করতে পারেনি অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় ক্রীড়াপরিষদে অনুষ্ঠিত এক ওয়ার্কশপে এ তথ্য দিয়েছেন আয়োজকরা। 

আয়োজকদের একজন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। যার চোখে রাগবির অপার মহিমা ধরা পড়েছে,  “দেশে রাগবি প্রচলনের ব্যাপারটা আমার মাথায় আসে ৫/৬ বছর আগে, গুলশান মাঠে খেলাটা দেখার পর। বিদেশীরাই খেলছিল সেখানে। তারপর টিভিতে খেলাটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।” তার অনুপ্রেরণায় আরো রসদ জুগিয়েছে জাপানী অ্যাম্বেসিতে কাজ করা এক ভদ্রলোক মিসতেসুয়া কোডমা। তিনিই কোচের ভূমিকায় নেমে খেলার নিয়ম--কানুনসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান বিতরণ করছেন। তার প্রশিক্ষণে নাকি ১২০ জন খেলোয়াড়ও তৈরি হয়ে গেছে !

“১২০ জনের মতো খেলোয়াড় গত তিন মাস ধরে প্র্যাকটিস করছে ফিজিক্যাল ট্রেনিং কলেজের মাঠে। তাদের বয়স ৩০ থেকে ৩৫---এর মধ্যে। চার-পাচঁটি দল নিয়ে টুর্নামেন্ট করার পরিকল্পনা আছে আমাদের”--- বলেছেন অ্যাসোসিয়েশনের যুগ্ম -- সম্পাদক মিজানুর রহমান। প্রত্যেকটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবে এবং বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারবে আরো ৭ জন।