হাবিবুলদের লক্ষ্য তবু অজানা নয়
মিসেস হাবিবুল বাশার দুদিন ধরে তাকে ফোনে ধরার চেষ্টা করছেন। কিন্তু শনিবার বিকেলেও কেবল ব্যর্থতার কথাই শোনাতে পারলেন ,“হাবিব এখনো বোধহয় মোবাইলের সিম নেয়নি। তাই হোটেলের নাম্বারই ভরসা। অনেক চেষ্টা করেও লাইন পেলাম না। ম্যানেজারের মোবাইলে এরপর এসএমএস করেছিলাম। পেয়েছেন কিনা জানি না। ধুত, এখনো ওর সঙ্গে কথাই হল না।”
মানে জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতার স্বপ্ন পূরণ করতে গিয়ে একরকম পরিবার বিচ্ছিন্নই হয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক। তবে শুধু তিনিই নন। রোববার চার ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে গোটা বাংলাদেশ দলেরই এক অবস্থা, দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এবার দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার না পাঠানোর যে সিদ্ধান্ত বিসিবি নিয়েছে, তা সমালোচিত হচ্ছিল কয়েকদিন ধরেই। এদিনের ঘটনায় তা আরো জোরালোই হয়েছে। সন্ধ্যায় মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তার সারাদিনের চেষ্টার অভিজ্ঞতা জানাচ্ছিলেন এভাবে,“কতবার যে ফোন করলাম। কিন্তু লাইন পেলাম না। এসএমএসও করেছি কয়েকটা। সেগুলো পেলে তো রিপ্লাই আসার কথা।” ম্যানেজারের মোবাইলে এই প্রতিবেদকের শত চেষ্টাও বিফলে গেছে। অবশ্য রাতে মিডিয়া ম্যানেজারের ফিরতি ফোনে অবশেষে যোগাযোগ করতে পারার উচ্ছ্বাস, “এইমাত্র এসএমএস এসেছে একটা। তাতে বারো জনের দল দেওয়া হয়েছে।” এই বারো জনে নেই তুষার ইমরান, তাপস বৈশ্য এবং তামিম ইকবাল।
এমনকি রোববার জিম্বাবুয়ের অল্প কয়েকটা পত্রিকাতেও এই সিরিজ নিয়ে কোনো খবর খুঁজে পাওয়া গেল না। তবে আগেরদিন জানা গিয়েছিল, হারারেতে বৃষ্টি হচ্ছে। এখানে বাংলাদেশ কোচ ডেভ হোয়াটমোরের ভবিষ্যদ্বানী ফলে গেছে একদম। এই সিরিজের বাংলাদেশ দল ঘোষণার দিনই বলেছিলেন,“আগেরবার ওখানে গিয়ে আমরা শীত পেয়েছিলাম। এবার বোধহয় বৃষ্টির মৌসুম।” বৃষ্টি মাথায় নিয়েই হারারেতে পৌঁছাতে হয়েছে বাংলাদেশ দলকে। তাই সিরিজের দিকে বৃষ্টির চোখরাঙ্গানিটাও আছে।
অবশ্য বছর তিনেক আগেও ঠিক এই সময়ে অধিনায়ক হাবিবুল বাশারের প্রথম সিরিজটা বৃষ্টির তোড়ে প্রায় ভেসেই যেতে বসেছিল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটো হতেই দেয়নি বৃষ্টি। এরপর তৃতীয় ম্যাচে অন্যরকম এক ভালোলাগা আচ্ছন্ন করেছিল বাংলাদেশ দলকে। হিথ স্ট্রিকের জিম্বাবুয়েকে হারিয়ে পাঁচ বছর পর ওয়ানডে জয়ের ভুলতে বসা স্বাদ পেয়েছিল বাংলাদেশ হাবিবুলের নেতৃত্বে। এরপর সময়ে জিম্বাবুয়েকে হারানো বাংলাদেশের কাছে একরকম দুধভাত হয়ে গেছে। অবশ্য নিন্দুকেরা কথাটা একটু সংশোধন করে দিতে চাইবেন এই বলে,“দুধভাত, তবে দেশের মাটিতে।” দু'দেশের মধ্যে হওয়া ২৯ টি ম্যাচের মধ্যে জয়ের পরিসংখ্যান এখনো জিম্বাবুয়েকেই এগিয়ে রেখেছে। তবে বাংলাদেশও খুব বেশি পিছিয়ে নেই। জিম্বাবুয়ে ১৭ টি ম্যাচ জিতলেও বাংলাদেশও জিতেছে ১২টিতে। এরমধ্যে জিম্বাবুয়ের মাটিতে জয় মাত্র তিনটিতে। গত বছর জুলাই -- আগস্টে সেখানে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে যাওয়া হাবিবুলের দল উল্টো ২ --- ৩ এ সিরিজ হেরে এসেছিল। তাই নিন্দুকদের আর কিছু বলতে না দেয়ার মিশন হিসেবেই এবারের সিরিজটাকে নিচ্ছেন হাবিবুলরা,“এবার ওদেরকে হারিয়ে আসতে পারলে কারো আর কিছু বলার থাকবে না।”
জিম্বাবুয়েকে হারানো আসলেই দুধভাত, এ কথা বলাতে আর কোনো আপত্তি উঠবে না তখন!
প্রথম ওয়ানডের জন্য ১২ জনের বাংলাদেশ দল: শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়র, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন এবং মোহাম্মদ শরীফ।
দু দেশের সাম্প্রতিক পারফরম্যান্স আশাবাদী করলেও একটা শঙ্কা ঠিকই উঁকি দিয়ে যায় মনে -- সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তো ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ, এবারও কি...! তেমন আশঙ্কাকে অবশ্য আমলে নিচ্ছেন না হাবিবুল বাশার। বাংলাদেশ দলের সঙ্গে যোগাযোগে সমস্যা হলেও রোববার কী লক্ষ্য নিয়ে তারা ওয়ানডে সিরিজ শুরু করতে যাচেছ তা অনুমান করা অবশ্য মোটেই কঠিন নয়।
