দলে ফিরলেন বীরেন্দর শেবাগ
ওয়ানডেতে সর্বশেষ ১০ ম্যাচে তার স্কোর ৯, ৮, ১, ১০, ৯, ১৭, ৬৫, ০, ১৮ ও ১১। অর্থাৎ এই ১০ ম্যাচে বীরেন্দর শেবাগের ব্যাট থেকে এসেছে মাত্র ১৪৮ রান। শক্তিশালী ব্যাটিং লাইন --- আপের ভারতীয় দলে এমন দুরবস্থায় পড়া কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যানের সুযোগ পাওয়াই কঠিন।
অনেক দিন ফর্ম ফিরে পাওয়ার লড়াই চালিয়েও ব্যর্থ শেবাগ তাই উপেক্ষিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে। তবে পরের সিরিজেই আবার ‘টিম ইন্ডিয়া’য় ফিরেছেন ‘বীরু’। শনিবার মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। এই দলে শেবাগ ছাড়াও রাখা হয়েছে পেসার মুনাফ প্যাটেলকে। দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে দলে ছিলেন না তিনি।
১৬৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে শেবাগের ৭টি সেঞ্চুরিই এসেছে ওপেনার হিসাবে। টেস্টেও ভারতের পক্ষে সর্বোচ্চ ৩০৯ রানের ইনিংসটা ওপেনার শেবাগের অবদান। তবে ৮ ফেব্রুয়ারি থেকে কলকাতার ইডেন গার্ডেনের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া সিরিজে তাকে এই ভূমিকায় দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। শনিবার ১৫ সদস্যের দল ঘোষণার সময় ভারতের প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকারের কণ্ঠে পাওয়া গেছে তেমনই ইঙ্গিত,‘ও (শেবাগ) ফর্মে ছিল না। আর তাই বিশ্রামের দরকার হয়ে পড়েছিল। এখন সে ফিরেছে। তবে ফিরলেও আমরা তাকে মিডল অর্ডারে ব্যাট করাতেই পছন্দ করবো।’ অবশ্য শেবাগকে শেষ পর্যন্ত কোন পজিশনে ব্যাট করানো হবে সে সিদ্ধান্তটা দলের ম্যানেজমেন্টের ওপরেই ছেড়ে দিয়েছেন ভেঙ্গসরকার।
এদিকে এই সিরিজে খেলতে শুক্রবার ভারতে পৌঁছেছে শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কার বোলিং আক্রমণের দুই প্রধান স্তম্ভ মুত্তিয়া মুরালিধরন ও চামিন্ডা ভাস অবশ্য দলে নেই। বিশ্বকাপের আগে বিশ্রাম দেয়া হয়েছে তাদের। তবে ভারতের সঙ্গে সিরিজে ভাস --- মুরালির অনুপস্থিতিকে বড় করে দেখতে নারাজ শ্রীলঙ্কার কোচ টম মুডি,“অতীতেও আমরা ভাস ও মুরালিকে ছাড়া বেশ কয়েকটা ম্যাচ খেলেছি। তাদের অনুপস্থিতিতে অন্য বোলাররা এগিয়ে এসেছে আর দলের পক্ষে ভাল বলও করেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই তো জরুরী, কারণ, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ওপর নির্ভর করতে হচ্ছে না আমাদের।”
ভারতীয় দল : রাহুল দ্রাবিড় (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, রবিন উথাপ্পা, অজিত আগারকার, জহির খান, হরভজন সিং, অনিল কুম্বলে, দীনেশ কার্তিক, ইরফান পাঠান, মুনাফ প্যাটেল ও শ্রীশান্ত।
