বিশ্বকাপ এসেছে তাই টেন্ডুলকার আবার...
--- আহা, গ্রেগ চ্যাপেল যদি ফ্র্যাঙ্ক রাইকার্ড হতেন!
-- কী হতো তাহলে?
-- কেন, ভারতীয় দলে টেন্ডুলকার তখন রোনালদিনহোর মর্যাদা পেতেন!
শুনে পাগলের প্রলাপ মনে হলেও আসলে তা নয়। শচীন টেন্ডুলকার সত্যি সত্যিই কিন্তু ভারতীয় দলে এক নাম্বার ব্যাটসম্যানের মর্যাদা পাচ্ছেন না। পেলে রোনালদিনহোর বেলায় ফ্র্যাঙ্ক রাইকার্ড যা করেছিলেন , গ্রেগ চ্যাপেল বা ভারতের টিম ম্যানেজমেন্টও তা --- ই করতো। জানেন তো, রোনালদিনহো বার্সেলোনায় আসুক এটা একেবারেই চাননি রাইকার্ড। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার যখন এলেন,জয় করলেন হৃদয়,তখন রাইকার্ড ঠিক করলেন এমন ফুটবলারকে কোনো ধরা --- বাঁধা নিয়মে তিনি বাঁধ্েবন না। সেই থেকে বার্সেলোনা দলে রোনালদিনহোর নির্দিষ্ট কোনো পজিশন নেই। কখনো মিডফিল্ডার, কখনো স্ট্রাইকার, কখনো অ্যাটাকিং মিডফিল্ডার ---- বলতে গেলে সব কাজেরই কাজী রোনালদিনহো।
হালে অনেক সমালোচনার বাণে বিদ্ধ হয়ে, অনেক আশঙ্কার জন্ম দিয়ে শেষ পর্যন্ত টেন্ডুলকারও ফিরেছেন সাফল্যের ধারায়। সাফল্যের ধারায় ফেরার চেয়ে বড় কথা তার স্ব -- রূপে ফেরা। অনেকদিন ধরে তো টেন্ডুলকারকে ঠিক টেন্ডুলকারই মনে হচ্ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ৪১ তম সেঞ্চুরিটি দিয়ে আবার নিজেকে খুঁজে পেয়েছেন। আবার শুরু হয়ে গেছে আলোচনা, প্রশংসা,স্তুতি। টেন্ডুলকারের বেলায় যা খুবই স্বাভাবিক। শুক্রবার রঞ্জি ট্রফি ফাইনালেও তার ব্যাট হেসেছে আগের মতো। আবার সেঞ্চুরি। এবার বাংলার বিপক্ষে ১২৯ বলে ১০৫। ১৯ টি চারের প্রায় সবগুলোই ছিল ‘টেন্ডুলকার স্পেশাল’। টানা দু ম্যাচে দুটো সেঞ্চুরি। এর কিন্তু একটাই মানে ----- শচীন রমেশ টেন্ডুলকার ফিরেছেন!
এ সময়ে টেন্ডুলকারের আপন --- রূপে ফেরাতে একেবারেই অবাক হওয়ার কিছু নেই। বিশ্বকাপ আসবে অথচ টেন্ডুলকার জ্বলে উঠবেন না, তা কি হয়? বিশ্বকাপ টেন্ডুলকারের প্রিয় মাঠ। ’৯২ থেকে ২০০৩ পর্যন্ত প্রত্যেকটি আসরের রেকর্ড দেখুন, তাকে আপনি ফেলতে পারবেন না। প্রথম আসরে ‘টিন এজার’ টেন্ডুলকারই ভারতকে দু দুটো ম্যাচ জিতিয়ে পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। পরের আসরেও তার ব্যাটই বৈঠা হয়ে এগিয়ে নিচ্ছিল ভারতকে। কিন্তু সেমি ফাইনালে থেমে যায় ভারতের বিজয়রথ। ‘৯৯ -- র বিশ্বকাপের কথা চিরকাল মনে থাকবে টেন্ডুলকারের। বিশ্বকাপ চলার সময়ই বাবা মারা যান। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরতে হয় টেন্ডুলকারকে। কাজ সেরে ব্যথাভারাতুর মন নিয়েই আবার ফিরে যান ইংল্যান্ডে। ফিরেই কেনিয়ার বিপক্ষে সেঞ্চুরি! তারপর বাবাকে হারানোর শোক কাটিয়ে উঠলেও ভারতকে অবশ্য চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেননি। সেটা গত আসরেও পারেননি। তাই বলে পুরো আসর এমনভাবে শেষ করেননি যে সহজেই রেকর্ডবুক থেকে তার নামটা মুছে ফেলা যাবে। গ্র“প পর্বে পাকিস্তানের বিপক্ষে তার সেই ৭৪ বলে ৯৮ রানের ইনিংসটি তো অনেকের বিবেচনায় ওয়ানডে ইতিহাসেরই সেরা ইনিংস। পিটার রোবাকও আছেন সেই ‘অনেক’ --- এর দলে। তা ওই ইনিংস খেলার পর আসরের সফলতম ব্যাটসম্যানও হয়েছিলেন। পেয়েছিলেন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও। বিশ্বকাপ ২০০৭ শুরুর আগে যদি ‘প্লেয়ার অব দ্য ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি’ -- ও বেছে নেওয়া হয়, কার নাম আসবে বলুন তো? অবশ্যই শচীন রমেশ টেন্ডুলকার। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রান --- এমন রেকর্ডগুলো যার দখলে তাকে আপনি সেরার মুকুট না পরিয়ে পারবেন?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে ৭৬ বলে সেঞ্চুরি করে, ম্যান অব দ্য ম্যাচ --- ম্যান অব দ্য সিরিজ হয়ে টেন্ডুলকার আসলে বিশ্বকাপের ড্রেস রিহার্সেলটাই শুরু করলেন। ৮ ফেব্র“য়ারি থেকে শুরু হচ্ছে ভারত --- শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। সেখানেও টেন্ডুলকারকে টেন্ডুলকার রূপেই দেখবেন , লিখে রাখুন। কতটা সফল হবেন, আদৌ সফল হবেন কিনা তার চেয়ে বড় বিষয় কিন্তু সেটাই। আর টেন্ডুলকার নিজেকে ফিরে পেলে তো ব্যর্থতা তার পিছু ছাড়তে বাধ্য।
হালে আবার প্রশ্ন উঠেছে --- কত নম্বরে ব্যাট করা উচিত টেন্ডুলকারের? ওপেনিংয়ে, নাকি চার নম্বরে? টেন্ডুলকারের পছন্দ যে ওপেনিং সেটা তো সবাই জানেন। তবে এটাও নিশ্চয়ই জানেন, ওপেনিংয়ে ক্যারিয়ারের বেশির ভাগ সাফল্য পেলেও কারণে -- অকারণে অনেকবারই অ -- পছন্দের বা কম পছন্দের পজিশন বা কম্বিশনে খেলতে হয়েছে তাকে। টেন্ডুলকারকে যে এবারই প্রথম নেমে ব্যাট করতে বলা হলো, তা তো নয়। আবার ওপেনিংয়ে যখন ছিলেন তখনো যে খুব শান্তিতে ব্যাট করার অবস্থায় তাকে রাখা হয়েছে এ দাবীও করা কঠিন। কখনো সৌরভ গাঙ্গুলী, কখনো শেবাগ, কখনো ধোনি,কখনো গম্ভীর --- কত কম্বিনেশনইতো পরীক্ষা করা হয়েছে! সব মিলিয়ে দলের সেরা ব্যাটসম্যান একেক সময় পড়েছেন একেক রকমের চাপে। হয়েছেন একেক বার একেক রকমের গবেষণাকর্মের গিনিপিগ। কখনো ফর্ম খারাপ বলে ভুগেছেন,কখনোবা ভুগেছেন ইনজুরিতে বা আত্মবিশ্বাসের ্অভাবে। তবে শেষ পর্যন্ত সব কিছু ছাপিয়ে কথা বলে উঠেছে ‘টেন্ডুলকারের ক্লাস’। এখনও যেমন বলছে।
গ্রেগ চ্যাপেলেরা নাইবা ফ্র্যাঙ্ক রাইকার্ড হলেন!
