কালই মিলান অভিষেক হতে পারে রোনালদোর
“তাকে দেখার আগে মনে হয়েছিল মাঠে নামতে তার অন্তত এক মাস লাগবে। তবে দেখার পর মনে হল খুব শিগগিরি সে পুরনো চেহারায় ফিরতে সক্ষম”-এসি মিলানের হেলথ ডিরেক্টর জাঁ পিয়েরে মিরসেমেনের উপলব্ধি। মন্তব্যটা শুনে মিলানের সমর্থকরা নিশ্চয়ই দারুণ খুশি।
এটা যে তাদের নতুন খেলোয়াড় রোনালদো সম্পর্কে করা মন্তব্য! রিয়াল মাদ্রিদ থেকে গত সপ্তাহে এসি মিলানে যোগ দেয়ার পর থেকেই ‘দি ফেনোমেনন’-এর ফিটনেস নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিল এসি মিলান শিবির। তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে নিয়ে তাদের সমস্ত উদ্বেগ এখন কেটে যাওয়ারই কথা। তবে রোনালদো সত্যিই কতটা ফিট এবং তার ফর্মই বা কেমন তা খানিকটা হলেও বোঝা যাবে রোববার। ইতালিয়ান সিরি ‘এ’-তে এসকোলির বিপক্ষে এ দিন এসি মিলানের হয়ে রোনালদোর অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা। তার আগে প্র্যাকটিস সেশনগুলোতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তার পায়ের জাদু দিয়ে মিলান কর্মকর্তাদের মন জয় করে নিয়েছেন ঠিকই।
শুধু এসি মিলান-এসকোলিই নয়, রোববার ইতালিয়ান লিগের আরেকটা ম্যাচকে ঘিরেও কিন্তু ফুটবল-পিপাসুদের দারুণ আগ্রহ এই মুহূর্তে। ঘরের মাঠ সানসিরোতে সেই ম্যাচে ইন্টার মিলানের প্রতিপক্ষ রোমা। এ মৌসুমে সিরি ‘এ’-র অর্ধেক পথ পেরোনোর আগেই শিরোপা লড়াই মূলত সীমাবদ্ধ হয়ে পড়েছে এই দল দুটোর মধ্যে। যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ইন্টার এগিয়ে রয়েছে ১১ পয়েন্টের বিশাল ব্যবধানে। স্বাগতিকরা রোববার জয় পেলে ব্যবধানটা বেড়ে দাঁড়াবে ১৪-তে। টানা ১৪ ম্যাচের রেকর্ড নিয়ে শিরোপার পথে প্রবল বেগে ছুটে চলা ইন্টারের সর্বশেষ ম্যাচটা অবশ্য তেমন ভাল কাটেনি। বৃহস্পতিবার ইতালিয়ান কাপের সেমিফাইনালের ফিরতি লেগে তারা গোল শূন্য ড্র করেছে সাম্পদোরিয়ার সঙ্গে। তবে প্রথম লেগে ৩-০ গোলে জয় পাওয়ায় ফাইনাল নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়নি ইন্টারকে। সেখানে তাদের প্রতিপক্ষ আর কেউ নয়Ñরোমা! বুধবার সেমিফাইনালের ফিরতি লেগে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে (অ্যাগ্রিগেট ৫-৩) ফাইনালের টিকেট নিশ্চিত করেছে রোমের ক্লাবটি। মজার ব্যাপার হল এই নিয়ে টানা তৃতীয় বারের মতো ইতালিয়ান কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রোমা ও ইন্টার মিলান। সর্বশেষ দু বারই শিরোপা জেতায় এবার ইন্টারের সামনে হ্যাটট্রিকের হাতছানি।
স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’য় রোববার রিয়াল মাদ্রিদকে খেলতে হবে রেলিগেশনের হুমকির মুখে থাকা লেভান্তের বিপক্ষে। আগের তিন মৌসুম শিরোপাবিহীন থাকা রিয়ালের অবস্থা অবশ্য এবারো তেমন সুখকর নয়। সর্বশেষ ৭ ম্যাচে মাত্র ৩ বার প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছে স্পেনের সফলতম ক্লাবটি। তার একটা বড় কারণ ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়ের বাজে ফর্ম। সর্বশেষ ৫ ম্যাচে নিস্টলরয়ের গোল মাত্র একটি। ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ-টেবিলে তৃতীয় স্থানে থাকা রিয়ালের ‘ঘরের ছেলে'কে অবশ্য দেখা যেতে পারে এই ম্যাচে। উরুর ইনজুরি কাটিয়ে রোববার মাঠে নামতে পারেন রাউল। এই দিনই গত দু বারের চ্যাম্পিয়ন ও ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার প্রতিপক্ষ ওসাসুনা। অন্যদিকে রোববারই ইংলিশ প্রিমিয়ার লিগে সবার ওপরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে টটেনহাম হটস্পারের। তাদের চেয়ে ৬ পয়েন্ট পেছনে পড়ে যাওয়া গত দু বারের চ্যাম্পিয়ন চেলসিকে শনিবার খেলতে হবে চার্লটন অ্যাথলেটিকের সঙ্গে।
